Don't Miss
Home / আজকের সংবাদ / হজযাত্রীদের যথাসময়ে পাঠানোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ

হজযাত্রীদের যথাসময়ে পাঠানোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ

এমএনএ রিপোর্ট : আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সৌদি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে বিদ্যমান ভিসা জটিলতা নিরসন করে হজযাত্রীদের হজে পাঠানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে আজ রবিবার রুলসহ এ আদেশ দেন।

জনস্বার্থে আনা এক রিট আবেদনের শুনানি নিয়ে আদালত এ আদেশ দেয় বলে সাংবাদিকদের জানান আইনজীবী মনজিল মোরশেদ।

মনজিল মোরশেদ বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিদ্যমান এই জটিলতা নিরসনে সৌদি সরকার ও দূতাবাসের সঙ্গে আলোচনার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। যাতে হজ যাত্রীরা সময় মতো হজে যেতে পারেন। এছাড়া নিয়মিত ফ্লাইটসূচি ধরতে না পারা কোনো হজযাত্রী যদি ইতিমধ্যে বাদ পড়ে থাকেন, তাহলে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করতেও নির্দেশ দিয়েছেন আদালত।

হজযাত্রীদের জটিলতা নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ আজ এই রিট করেন। আদালতে রিটের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ নিজে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

আদেশের বিষয়টি জানিয়ে মনজিল মোরসেদ গণমাধ্যমকে  বলেন, হজ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না এবং ওই অব্যবস্থাপনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কেন আইনগত পদক্ষেপ নেওয়া হবে না—রুলে তা জানতে চাওয়া হয়েছে। ধর্মসচিব, পর্যটনসচিব, পররাষ্ট্রসচিব, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ও হাবের সাধারণ সম্পাদকসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। রুলে হজে অব্যবস্থাপনার কারণ ও দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে চার সদস্যবিশিষ্ট কমিশন গঠনের কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে।

মনজিল মোরশেদ বলেন, ভিসা জটিলতা, মোয়াল্লেম ফি বৃদ্ধি ও বাসা ভাড়ায় বিলম্বের কারণে এ পর্যন্ত বেশ কটি ফ্লাইট বাতিল হয়েছে। এতে হজযাত্রীরা জটিলতার মধ্যে পড়েছেন।

উল্লেখ্য, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করার সুযোগ পাবেন। কিন্তু ভিসা জটিলতা, মোয়াল্লেম ফি বৃদ্ধি ও বাসা ভাড়ায় বিলম্বের কারণে শনিবার পর্যন্ত মোট ৫৮ হাজার ৩৬১ জন সৌদি আরবে পৌঁছেছেন।

x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...