হানিফ সংকেতের ৬১তম শুভ জন্মদিন আজ
Posted by: News Desk
October 23, 2018
এমএনএ রিপোর্ট : দেশের বিনোদন অঙ্গনের জনপ্রিয় ব্যক্তিত্ব হানিফ সংকেতের ৬১তম শুভ জন্মদিন আজ। একাধারে তিনি উপস্থাপক, পরিচালক, লেখক ও প্রযোজক।
১৯৫৭ সালের ২৩ অক্টোবর বরিশালে জন্মগ্রহণ করেন হানিফ সংকেত। এই মিডিয়া ব্যক্তিত্বের ৬০তম শুভ জন্মদিন উপলক্ষে মোহাম্মদী নিউজ এজেন্সী (এমএনএ) – এর পক্ষ থেকে রইলো শ্রদ্ধা, ভালবাসা ও জন্মদিনের অফুরন্ত শুভেচ্ছা।
আশির দশক থেকে শুরু করে প্রায় দুই যুগ ধরে তিনি বাংলাদেশের জনগনকে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির মাধ্যমে আনন্দ দিয়ে যাচ্ছেন।
প্রয়াত ফজলে লোহানীর ‘যদি কিছু মনে না করেন’ ম্যাগাজিন অনুষ্ঠানে তিনি প্রথম খ্যাতি লাভ করেন। তবে তিনি কেবল হাস্যরস কে তুলে ধরেন না। বিভিন্ন সামাজিক অসঙ্গতি, অফিস-আদালতের দুর্নীতির বিপরীতে এবং মানবিকতার পক্ষে তার কার্যক্রমকে অব্যাহত রেখেছেন। ইত্যাদি নামক ম্যাগাজিন অনুষ্ঠানটি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় টিভি অনুষ্ঠান।
ইত্যাদির মাধ্যমে তিনি সমাজের নানা প্রচলিত অসঙ্গতির বিরুদ্ধে জোরালো কণ্ঠ রাখেন। ২৫ বছর পার করা ইত্যাদির মাধ্যমে সামাজিক অসঙ্গতি, দুর্নীতি বিরোধী কার্যক্রম এবং মানবিকতার পক্ষে তার নিভৃত আন্দোলন চলছেই।
ইত্যাদির প্রতিটি পর্বে সমসাময়িক নিন্দিত ঘটনার বর্ণনা ও বিরোধিতা থাকে কিছুটা রম্য হলেও দৃষ্টিগ্রাহ্যভাবে। তাই বিবিসিসহ দেশের প্রতিটি জরিপেই দেখা গেছে, ইত্যাদি দেশের সেরা টিভি অনুষ্ঠান এবং দেশের ৭৫ শতাংশ টিভি দর্শক এই অনুষ্ঠান দেখে থাকেন।
হানিফ সংকেত নিজের কাজের ব্যাপারে খুব সচেতন একজন মানুষ। ক্যামেরার সামনে খুব বেশি এলেই যে তারকা বা ব্যক্তিত্ব হওয়া যায় না তার উৎকৃষ্ট উদাহরণ হানিফ সংকেত।
নাটকেও সিদ্ধহস্ত হানিফ সংকেত। তার পরিচালিত জনপ্রিয় নাটকের মধ্যে ‘আয় ফিরে তোর প্রাণের বারান্দায়’, ‘দুর্ঘটনা’, ‘তোষামোদে খোশ আমোদে’, ‘কিংকর্তব্য’, ‘কুসুম কুসুম ভালোবাসা’, ‘শেষে এসে অবশেষে’ উল্লেখযোগ্য।
চলচ্চিত্রেও অভিনয় করেছেন হানিফ সংকেত। বেশ কয়েকটি ব্যঙ্গ ও রম্য রচনা লিখেছেন তিনি।
‘চৌচাপটে’, ‘এপিঠ ওপিঠ’, ‘ধন্যবাদ’, ‘অকাণ্ড কাণ্ড’, ‘খবরে প্রকাশ’, ‘ফুলের মতো পবিত্র… ’, ‘প্রতি ও ইতি’, ‘আটখানার পাটখানা’ অন্যতম। এ ছাড়া তার লিখিত রম্য সাহিত্য পাঠক সমাজে ব্যাপক জনপ্রিয়।
তার সামাজিক কার্যক্রমের জন্য ২১শে ফেব্রুয়ারি ২০১০ সালে একুশে পদক পুরস্কার প্রদান করা হয়। পরিবেশ শিক্ষা ও প্রচারের জন্য ২০১৪ সালের জাতীয় পরিবেশ পদক।
এছাড়াও তিনি দেশে-বিদেশে বহু পুরস্কারে ভূষিত হয়েছেন।
আজ শুভ জন্মদিন হানিফ সংকেতের ৬১তম 2018-10-23