Don't Miss
Home / আজকের সংবাদ / ১০০০ কোটি রুপির ক্লাবে ‘বাহুবলী টু’

১০০০ কোটি রুপির ক্লাবে ‘বাহুবলী টু’

এমএনএ বিনোদন ডেস্ক : মাত্র ১১ দিনেই ১০০০ কোটি রুপির ক্লাবে ঢুকে পড়েছে‘বাহুবলী: দ্য কনক্লুশন’। এটা যে কোনো ভারতীয় সিনেমার আয়ের সর্বোচ্চ রেকর্ড। ‘বাহুবলী টু’-এর এই রেকর্ড আয় নিয়ে সিনেমাপ্রেমীদের মুখে একই আলোচনা আর গুঞ্জন।

অবশ্য শুধু সিনেমাপ্রেমীরাই নন, এই জগতের সামান্য খোঁজখবর যাঁরা রাখেন, তাঁরাও জেনে গেছেন ‘বাহুবলী-জ্বরের’ কথা। এস এস রাজামৌলি পরিচালিত ‘বাহুবলী’ সিরিজের দ্বিতীয় ও চূড়ান্ত কিস্তি ‘বাহুবলী: দ্য কনক্লুশন’ আজ আনুষ্ঠানিকভাবে ১০০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করল।

গত ২৮ এপ্রিল মুক্তির প্রথম দিনেই ছবিটি বিশ্বজুড়ে আয় করেছিল ১২১ কোটি রুপি। চলচ্চিত্র ও বক্স অফিস বিশেষজ্ঞরা তখনই অনুমান করেছিলেন, এই ছবি শিগগিরই ১০০০ কোটি রুপি আয় করবে। ভারতীয় সিনেমার ১০৪ বছরের ইতিহাসে এটিই প্রথম ছবি, যা ১০০০ কোটি রুপি আয় করল। ছবির আয়ের অঙ্ক শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকে, এখন সেটিই দেখার অপেক্ষা।

‘বাহুবলী: দ্য কনক্লুশন’ বা ‘বাহুবলী ২’ এখন পর্যন্ত ভারতে আয় করেছে ৮০০ কোটি রুপি। আর ভারতের বাইরে এর আয় ২০০ কোটি রুপি। ভারতীয় বাণিজ্য বিশেষজ্ঞ রমেশ মালা আজ রবিবার সকালে টুইটারে আনুষ্ঠানিকভাবে এই হিসাব প্রকাশ করেছেন।

একের পর এক রেকর্ড গড়ছে এই ছবি। মুক্তির আগেই স্বত্ব বিক্রি করে ‘বাহুবলী ২’ আয় করেছিল ৫০০ কোটি রুপি।

২০১৫ সালে মুক্তি পেয়েছিল ‘বাহুবলী’ সিরিজের প্রথম ছবি ‘বাহুবলী: দ্য বিগিনিং’। এই ছবিটিও তখন বক্স অফিসে বেশ সাড়া ফেলেছিল। ৬৫০ কোটি রুপির বেশি অর্থ আয় করেছিল দক্ষিণের এই সিনেমা।

‘বাহুবলী: দ্য কনক্লুশন’-এ অভিনয় করেছেন প্রভাস, আনুশকা শেঠি, তামান্না ভাটিয়া, দাগ্গুবতী, রামাইয়া কৃষ্ণান ও সত্যরাজ।

ইতিহাসের রেকর্ড আয় করা ‘বাহুবলী’ ছবির পরিচালক এস এস রাজামৌলি ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে, তার বাবা আরেকটি ভালো কাহিনী লিখলে তিনি শীঘ্রই ‘বাহুবলী’ সিরিজের তৃতীয় পর্ব তৈরিতে হাত দিবেন। এখন অপেক্ষার পালা কি হয় তাই দেখার।

x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...