৩৬৩১ কোটি টাকার বাজেট ঘোষণা ডিএসসিসির
Posted by: News Desk
September 1, 2019
এমএনএ রিপোর্ট : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) চলতি ২০১৯-২০২০ অর্থবছরে ৩৬৩১ কোটি ৪০ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে।
আজ রবিবার দুপুরে নগরভবনে ডিএসসিসির মেয়র সাঈদ খোকন এ বাজেট ঘোষণা করেন।
বাজেটে আগের বছরের স্থিতি রয়েছে ২০২ কোটি টাকা, রাজস্ব আয় ধরা হয়েছে ৯৭২ কোটি ৮০ লাখ টাকা, অন্যান্য খাত থেকে আয় ধরা হয়েছে ৭ কোটি ৬৭ লাখ টাকা। বাজেটে সরকারি ও বৈদেশিক উৎস থেকে আয় ধরা হয়েছে ২৪৪৮ কোটি ৯৩ লাখ টাকা।
নতুন ঘোষিত বাজেটে মোট পরিচালনা ব্যয় ধরা হয়েছে ৬২৯ কোটি ৩৭ লাখ টাকা। অন্যান্য খাতের ব্যয় ধরা হয়েছে সাড়ে তিন কোটি টাকা।
নতুন বাজেটের মূল ব্যয়ের প্রধান খাত তথা মোট উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ২৮৯৪ কোটি ৯৩ লাখ টাকা। বছর শেষে ১০৩ কোটি ৬০ লাখ টাকা তহবিলের স্থিতি রাখার কথাও বাজেটে বলা হয়েছে।
এর আগে ডিএসসিসি ২০১৮-২০১৯ অর্থবছরে তিন হাজার ৫৯৮ কোটি ৭৫ লাখ টাকার বাজেট ঘোষণা করেছিল। যার সংশোধিত বাজেট ছিল এক হাজার ৯০২ কোটি ৯৫ লাখ টাকা।
এবারের বাজেটে রাজস্ব খাতে আয়ের বড় অংশ ধরা হয়েছে কর থেকে। এই খাত থেকে ৩৫০ কোটি টাকা আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বাজার সালামি থেকে ৩১০ কোটি, ট্রেড লাইসেন্স থেকে ৯০ কোটি টাকা আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে ডিএসসিসি। এছাড়া সম্পত্তি হস্তান্তর কর থেকে আয় ধরা হয়েছে ১০৫ কোটি টাকা।
২০১৯-২০২০ বাজেটে কর্মচারীদের বেতন, ভাতা ও অন্যান্য ক্ষেত্রে ব্যয় ধরা হয়েছে ৩৫০ কোটি টাকা। এছাড়া মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে ব্যয় ধরা হয়েছে ৪৩ কোটি টাকা।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৩৬৩১ কোটি ঘোষণা বাজেট টাকার ডিএসসিসির 2019-09-01