Don't Miss
Home / আজকের সংবাদ / ৩৮তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

৩৮তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

এমএনএ রিপোর্ট : ৩৮তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। আজ মঙ্গলবার বিকালে পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩৮তম বিসিএসের জন্য ১০ জুলাই থেকে আবেদন গ্রহণ শুরু হবে। ১০ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে।

এবারই প্রথম বাংলার পাশাপাশি ইংরেজিতেও বিসিএস পরীক্ষা দেয়া যাবে। এছাড়া এই বিসিএস থেকে বাংলাদেশ বিষয়াবলির ২০০ নম্বরের লিখিত পরীক্ষায় আলাদা করে মুক্তিযুদ্ধ বিষয়ে ৫০ নম্বরের প্রশ্ন রাখা হবে। কেউ চাইলে ইংরেজিতেও এই বিসিএস দিতে পারবেন। তবে আবেদনে ইংরেজী প্রশ্নে পরীক্ষা দিতে চাইলে আবেদনপত্রে উল্লেখ করতে হবে।

বিসিএসের অনলাইন আবেদনে এতদিন স্থায়ী-অস্থায়ী ঠিকানা, সব সনদের রোল নম্বর, প্রতিষ্ঠানের নাম-রেজাল্টসহ অন্যান্য কিছু তথ্য চাওয়া হলেও এবার থেকে ন্যাশনাল আইডি নম্বর (এনআইডি) চাওয়া হবে। আবেদনপত্রে বিষয়টি উল্লেখ করতে হবে।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন জানান, ৩৮তম বিসিএসের মাধ্যমে মোট দুই হাজার ২৪টি পদে নিয়োগ দেয়া হবে।

এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ ও পুলিশ ক্যাডারে ১০০ পদসহ সাধারণ ক্যাডারে মোট ৫২০টি, কারিগরি ও পেশাগত ক্যাডারে ৫৪৯টি এবং শিক্ষা ক্যাডারে ৯৫৫টি পদ রয়েছে।

পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক গণমাধ্যমকে বলেন, এই বিসিএসের লিখিত পরীক্ষার প্রতিটি খাতা দুজন পরীক্ষক মূল্যায়ন করবেন। তাঁদের নম্বরের ব্যবধান ২০ শতাংশের বেশি হলে তৃতীয় পরীক্ষকের কাছে খাতা পাঠানো হবে। এর ফলে পরীক্ষার্থীদের মেধা যথাযথভাবে মূল্যায়িত হবে বলে মনে করছে পিএসসি।

সবকিছু ঠিক থাকলে অক্টোবর নাগাদ এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে। সাত বিভাগের পাশাপাশি এবার নতুন বিভাগ ময়মনসিংহেও পরীক্ষা নেওয়া হবে।

x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...