Don't Miss
Home / আজকের সংবাদ / ৩৮তম বিসিএসে এনআইডি ছাড়াও আবেদন করা যাবে

৩৮তম বিসিএসে এনআইডি ছাড়াও আবেদন করা যাবে

এমএনএ রিপোর্ট : জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছাড়া ৩৮তম বিসিএসে আবেদন করা যাবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

কমিশনের জনসংযোগ কর্মকর্তা ইশরাত শারমীন আজ মঙ্গলবার সকালে গণমাধ্যম কর্মীদেরকে বলেন, যাদের এনআইডি নেই, তারাও ৩৮ তম বিসিএসে আবেদন করতে পারবেন।

তবে লিখিত কিংবা মৌখিক পরীক্ষার সময় এনআইডি নম্বর চাইলে প্রার্থীকে তা প্রদান করতে হবে। আর যাদের এনআইডি আছে তারা আবেদনের সময় এনআইডি নম্বর উল্লেখ করবেন।

গতকাল থেকে ৩৮তম বিসিএসের আবেদন প্রক্রিয়া গ্রহণ শুরু করেছে পিএসসি। এই বিসিএসের আবেদন প্রক্রিয়া শেষ হবে ১০ আগস্ট। তবে বিসিএস পরীক্ষায় অংশগ্রহণেচ্ছু যেসব শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র নেই তারা পড়েন। শিক্ষার্থীদের অনেকেই ভোটার হলেও এনআইডি পাননি। কেননা ২০১২ সালের পর যারা ভোটার হয়েছেন তাদেরকে এখনো এনআইডি সরবরাহ করেনি নির্বাচন কমিশন (ইসি)।

পিএসসি এবারের বিজ্ঞপ্তিতে আবেদনের সময় এনআইডি নম্বর বাধ্যতামূলক করেছে। বাস্তবতার আলোকে পিএসসিও এনআইডি ছাড়া আবেদন না নেয়ার ঘোষণা থেকে সরে এসেছে।

২৪ ক্যাডারে দুই হাজার ২৪টি শূন্য পদে নিয়োগের সুপারিশ করতে গত ২০ জুন সার্কুলার জারি করে পিএসসি। এই বিসিএসে প্রশাসন ক্যাডারের সহকারী কমিশনার পদ ৩০০টি।

পুলিশ ক্যাডারের সহকারী পুলিশ সুপার ১০০টি, স্বাস্থ্য ক্যাডারের সহকারী সার্জন ২২০টি, সহকারী ডেন্টাল সার্জন ৫টি, কৃষি ক্যাডারের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ১৮৯টি, পররাষ্ট্র ক্যাডারের সহকারী সচিব ১৭টি। আনসার ক্যাডারের ৩১টি, মৎস্য ক্যাডারের ২০টি, সহকারী বন সংরক্ষক ২২টি, শিক্ষা ক্যাডারের বিভিন্ন বিষয়ের প্রভাষক ৯৭৩টি, ভেটেরিনারি সার্জন ২৫টি। সহকারী প্রকৌশলী ৩১টি, নিরীক্ষা ও হিসাব ক্যাডারের সহকারী মহাহিসাবরক্ষক ১১টি, কর ক্যাডারের সহকারী কর কমিশনার ৯টি, তথ্য ক্যাডারের ৩৫টি, রেলওয়ে প্রকৌশল ক্যাডারের নির্বাহী প্রকৌশলী ও সমমানের পদ ১০টি। ইকোনমিক ক্যাডারের সহকারী প্রধান ৬টি, রেলওয়ে পরিবহন ক্যাডারের ৭টি ও ডাক ক্যাডারের সহকারী পোস্টমাস্টার জেনারেল ৭টি পদ আছে।

নতুন চাহিদাপত্র তৈরি হলে পদ সংখ্যা কিছু বাড়তে পারে বলে জানা গেছে।

৩৮তম বিসিএস পরীক্ষার আবেদনে পরামর্শ ও সহায়তার জন্য হেল্প লাইন চালু করেছে সরকারি কর্ম কমিশন-পিএসসি।

আবেদন ফরম পূরণে সহায়তার জন্য প্রতি কর্ম দিবসে সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ০১৫৫৫৫৫৫১৪৯, ০১৫৫৫৫৫৫১৫০, ০১৫৫৫৫৫৫১৫১ এবং ০১৫৫৫৫৫৫১৫২ মোবাইল নম্বরে যোগাযোগ করা যাবে।

x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...