৩ উইকেট হারিয়ে দারুন চাপে বাংলাদেশ
Posted by: News Desk
January 25, 2018
এমএনএ স্পোর্টস ডেস্ক : ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ষষ্ঠ ও শেষ ম্যাচে শ্রীলংকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেট হারিয়ে দারুন চাপে পড়েছে বাংলাদেশ। তিন ওভারের ব্যবধানে ফিরে গেছেন এনামুল হক বিজয়, সাকিব আল হাসান ও তামিম ইকবাল।
যদিও ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত খেলে যাচ্ছে বাংলাদেশ। এখন পর্যন্ত খেলা নিজেদের তিন ম্যাচেই দাপট দেখিয়েছে টাইগাররা। যদিও প্রথম দুই ম্যাচ জিতেই বোনাসসহ ফাইনাল আগেই নিশ্চিত করেছে স্বাগতিকরা।
আজকের ম্যাচে ওপেনিংয়ে তামিম ইকবাল ও এনামুল হক মাঠে নামেন। তবে দলকে ভালো শুরু এনে দিতে পারেননি এনামুল হক বিজয়। তৃতীয় ওভারে রানের খাতা খোলার আগেই সুরঙ্গা লাকমলের বলে বোল্ড হয়ে শূন্য রানে ফিরে যান এই ওপেনার। পঞ্চম ওভারে রান আউটের শিকার হন সাকিব। নন স্ট্রাইকিং প্রান্ত থেকে এক রানের জন্য দৌড়ালে গুনাথিলার থ্রোতে স্ট্যাম ভেঙে যায়। ব্যক্তিগত ৮ রানে বিদায় নেন সাকিব।
একই ওভারের পঞ্চম বলে বিদায় নেন আগের তিন ম্যাচে হাফসেঞ্চুরি করা তামিম। লাকমালের বাউন্স বলে গুনাথিলাকাকে ক্যাচ দেন তিনি। ১৪ বলে ৫ রান আসে তার ব্যাট থেকে।
৮ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ২৫ রান। ব্যাট করছেন মুশফিকুর রহীম (৩*) ও মাহমুদউল্লাহ (১*)।
এর আগে আজ বৃহস্পতিবার বেলা ১২টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের চতুর্থ ও টুর্নামেন্টের ষষ্ঠ ম্যাচে টেবিলের দুই নাম্বারে থাকা শ্রীলঙ্কার মুখোমুখি হয় টাইগাররা। লিগ পদ্ধতির শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি।
গত ম্যাচের দল থেকে একটি পরিবর্তন এসেছে বাংলাদেশ দলে। বাঁহাতি স্পিনার সানজামুল ইসলামের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন পেসার আবুল হাসান রাজু।
বাংলাদেশের বিপক্ষে প্রাথমিক পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কা দলে এসেছে দুটি পরিবর্তন। ত্রিদেশীয় সিরিজে প্রথমবারের মতো খেলছেন ওপেনার দানুশকা গুনাথিলকা। দলে ফিরেছেন পেসার দুশমন্থ চামিরা। চোটের জন্য টুর্নামেন্ট শেষ হয়ে গেছে ওপেনার কুসল মেন্ডিসের। একই কারণে একাদশে নেই পেসার নুয়ান প্রদীপ।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দেখায় আগে ব্যাটিং করে বাংলাদেশ পেয়েছিল ওয়ানডেতে নিজদের সবচেয়ে বড় জয়। ৩২১ রানের লক্ষ্য দিয়ে জিতেছিল ১৬৩ রানে।
গ্রুপপর্বের শেষ এ ম্যাচটি জিতলে ফাইনালে উঠবে শ্রীলঙ্কা। হারলেও শ্রীলঙ্কার (-০.৯৮৯) ফাইনালে ওঠার পথ খোলা থাকবে তবে সে ক্ষেত্রে জিম্বাবুয়ের (-১.০৮৭) চেয়ে নিট রানরেটে এগিয়ে থাকত হবে দিনেশ চান্ডিমালের দলকে।
৩ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে আগেই ফাইনাল নিশ্চিত করা বাংলাদেশ। শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের পয়েন্ট ৪ করে।
বাংলাদেশ স্কোয়াড : তামিম ইকবাল, এনামুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা, আবুল হাসান, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।
শ্রীলঙ্কা দল : উপুল থারাঙ্গা, দানুশকা গুনাথিলকা, কুসল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, নিরোশান ডিকভেলা, আসেলা গুনারত্নে, থিসারা পেরেরা, আকিলা দনঞ্জয়া, লাকশান সান্দাকান, দুশমন্থ চামিরা, সুরঙ্গা লাকমল।
৩ উইকেট চাপে দারুন বাংলাদেশ হারিয়ে 2018-01-25