Don't Miss
Home / আজকের সংবাদ / এ রায় গণবিরোধী, ন্যায়বিচার হয়নি : বিএনপি

এ রায় গণবিরোধী, ন্যায়বিচার হয়নি : বিএনপি

এমএএ রিপোর্ট : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার এ রায় গণবিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসিচব রুহুল কবির রিজভী। এ রায়ে ন্যায়বিচার হয়নি বলেও অভিযোগ করেন তিনি।
আজ বৃহস্পতিবার আদালতের রায় ঘোষণার পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে রিজভী এ মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনের একপর্যায়ে কেঁদে ফেলেন রিজভী। এ সময় তিনি বলেন, স্বামী-সন্তানহারা এ মানুষটিকে (খালেদা জিয়া) প্রতিহিংসার বশেই এ রায় দেয়া হয়েছে।
রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া থাকলে দেশের আন্দোলন চলমান থাকবে। আন্দোলনকে নিশ্চিহ্ন করতে এ রায় দেয়া হয়েছে। ‘এ রায় প্রতিহিংসাপরায়ণ রায়। প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার রায়। খালেদা জিয়াকে ভয়ংকরভাবে পর্যুদস্ত করতে এই সরকার এবং এই সরকারের মুরব্বিরা পরিকল্পনা করে আসছেন। কেননা খালেদা থাকলে সার্বভৌমত্ব ও গণতন্ত্র থাকবে। একজন ব্যক্তিকে খুশি করতেই এ রায় দেয়া হয়েছে। চাকরি রক্ষা করতেই এ রায় দেয়া হয়েছে’, বলেন তিনি।
‘এ রায়ের প্রতি ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই, ঘৃণা জানাই,’ বলেন রিজভী।
উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তারেক রহমানসহ অন্য পাঁচ আসামির প্রত্যেককে ১০ বছর করে কারাদণ্ড ও দুই কোটি টাকা করে জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসার মাঠে স্থাপিত ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান এ রায় ঘোষণা করেন।
২০০৮ সালের ৩ জুলাই দুর্নীতি দমন কমিশন-দুদকের তৎকালীন উপসহকারী পরিচালক হারুন অর রশীদ ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে রাজধানীর রমনা থানায় মামলাটি করেন।
এতে খালেদা জিয়া, তারেক রহমান, মমিনুর রহমান, কাজী সালিমুল হক কামাল, শরফুদ্দিন আহমেদ, সাঈদ আহমেদ ও গিয়াস উদ্দিনকে আসামি করা হয়। তদন্তে সাঈদ আহমেদ ও গিয়াস উদ্দিনের সম্পৃক্ততা না পাওয়ায় চার্জশিট থেকে তাদের নাম বাদ দেয়া হয়। তদন্তে নতুন করে আসামি হিসেবে যুক্ত হন ড. কামাল উদ্দিন সিদ্দিকী।
x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...