Don't Miss
Home / হোম স্লাইডার / সার্কিট ব্রেকারের পরও সূচকের বড় পতন
সূচকের বড় পতনে শেষ হয় লেনদেন

সার্কিট ব্রেকারের পরও সূচকের বড় পতন

এমএনএ শিল্প ও বাণিজ্য ডেস্ক : পুঁজিবাজারে দর বৃদ্ধি থামল গতকাল। দেশের দুই বাজারে গতকাল মূল্য সূচকের বড় পতনে শেষ হয় লেনদেন। এদিন, প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স এর পতন হয় ৬৭ পয়েন্ট।আর অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসপিআই কমেছে ১৬৫ পয়েন্ট। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। পতনমুখী শেয়ারে সার্কিট ব্রেকারও আটকাতে পারল না পুঁজিবাজারে বড় পতন। টানা দরপতনের বাজারে সার্কিট ব্রেকার আরোপ করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

একটানা চার সপ্তাহ পতন হওয়ার পরে সার্কিট ব্রেকারের কল্যাণে পতন বন্ধ হলেও গতকাল আবারও বড় পতন হয় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। সার্কিট ব্রেকার না থাকলে দরপতন ভয়াবহ হতো বলে অভিমত বাজার সংশ্লিষ্টদের।

বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বৃহস্পতিবার বন্ধ থাকে পুঁজিবাজারের লেনদেন। এরপর সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার বন্ধ থাকার পর গতকাল যথারীতি শুরু হয় লেনদেন। টানা তিন দিন বন্ধ থাকার পর বড় দরপতনের মধ্য দিয়ে শুরু হয় দেশের পুঁজিবাজারে লেনদেন। নিত্যপণ্যের বাজারের অস্থিরতার কারণে গতকাল শেয়ার বিক্রির চাপ বাড়ে। ফলে এদিন লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দাম কমেছে। এর কারণে সূচকও হয়েছে নিম্নমুখী। আর সূচক ও লেনদেন হওয়া শেয়ারের দাম কমে যাওয়ায় দৈনিক লেনদেনও কমেছে ব্যাপক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে মাত্র ৬১৬ কোটি ১১ লাখ ২৫ হাজার টাকা সমমূল্যের শেয়ার ও ইউনিট। শেষ কবে এত কম লেনদেন হয়েছে তা জানতে উল্টাতে হবে ক্যালেন্ডারের ১১টি পাতা। গতকালের লেনদেন ডিএসইকে নিয়ে গিয়েছে ১১ মাস আগে। গেল বছরের এপ্রিলে এর চেয়ে কম লেনদেন হয়েছিল। এর আগে ২০২১ সালের ১৮ এপ্রিল ডিএসইতে লেনদেন হয়েছিল ৬০২ কোটি ৬৭ লাখ ৯১ হাজার টাকা। তখন চলছিল করোনার কারণে বিধিনিষেধ। কিন্তু এখন দেশে নেই আর কোনো বিধিনিষেধের খড়গ। তারপরও লেনদেন কমে এসে দাঁড়াল ৬০০ কোটির ঘরে।

এর আগে টানা চার সপ্তাহ দরপতনে বাজার মূলধন কমে ৩১ হাজার কোটি টাকার বেশি। দরপতনের ধারা কাটিয়ে গেল সপ্তাহে সাড়ে ৫ হাজার কোটি টাকা বাড়ে বাজার মূলধন। কিন্তু গতকাল এক দিনেই বাজার মূলধন কমেছে প্রায় তার কাছাকাছি। বড় দরপতনের পাশাপাশি এদিন বিনিয়োগকারীদের পুঁজি অর্থাৎ বাজার মূলধন কমেছে ৪ হাজার ৪৫৪ কোটি ৫৯ লাখ ৪৫ হাজার টাকা।

সূত্র অনুযায়ী, রোববার ডিএসইতে ৩৭৯টি প্রতিষ্ঠানের লেনদেন হয়। এদিন ১৭ কোটি ৭৪ লাখ ১৩ হাজার ৫৯৫টি শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এর মধ্যে ২৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে ৩৩৯টির, আর অপরিবর্তিত রয়েছে ১৭টি কোম্পানির শেয়ারদর। রোববার ডিএসইর সব সূচকই কমেছে। গতকাল লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমায় ডিএসইর প্রধান সূচক ৬৭ দশমিক ৫৪ পয়েন্ট কমে ৬ হাজার ৬৯৮ পয়েন্টে এসে দাঁড়িয়েছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে শরিয়াহ ভিত্তিতে পরিচালিত কোম্পানিগুলোর সূচক ডিএসইএস আগের দিনের চেয়ে ১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৪৪১ পয়েন্টে এবং বিশেষ ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএস-৩০ সূচক ২৩ দশমিক ৫০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৪৩৪ পয়েন্টে। রোববার ডিএসইতে লেনদেন হয়েছে মাত্র ৬১৬ কোটি ১১ লাখ ২৫ হাজার টাকার শেয়ার ও ইউনিট। এর আগের দিন লেনদেন হয়েছিল ৮৩৫ কোটি ৭০ লাখ ৬২ হাজার টাকার শেয়ার ও ইউনিট। অর্থাৎ আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ২১৯ কোটি ৫৯ লাখ টাকা।

ডিএসইতে গতকাল দর বাড়ার শীর্ষে ছিল বীমা খাতের কোম্পানি তাকাফুল ইন্স্যুরেন্স। দ্বিতীয় অবস্থানে ছিল বস্ত্র খাতের হাওয়েল টেক্সটাইল। এরপরে ছিল যথাক্রমে, পিপলস ইন্স্যুরেন্স, এইচআর টেক্সটাইলস, অ্যাপেক্স স্পিনিং মিলস, ব্যাংক এশিয়া, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড, প্রাইম ব্যাংক ও আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড-১।

এ ছাড়া গতকাল যথারীতি লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেডের শেয়ার। এরপর ছিল দেশ জেনারেল গার্মেন্টস, ওরিয়ন ফার্মা, আইএফআইসি ব্যাংক, বিএসসি, পিপলস লিজিং, বিডিকম, নাহী অ্যালুমিনিয়াম, আমরা টেকনোলজি ও সাইফ পাওয়ার লিমিটেড।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেরও একই অবস্থা। পতনে পার করেছে দেশের এ বাজার। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৬৫ দশমিক ৪৭ পয়েন্ট কমে ১৯ হাজার ৬৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে ২৮২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ২৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২৩৮টির আর অপরিবর্তিত রয়েছে ১৬টির দাম।

এ বাজারে লেনদেন হয়েছে ১৭ কোটি ৩৪ লাখ ৬৯ হাজার ১৬৩ টাকার শেয়ার। এর আগের দিন বুধবার লেনদেন হয়েছিল ২৩ কোটি ২২ লাখ ৬১ হাজার ৬২৪ টাকার শেয়ার।

x

Check Also

বাজেটে ব্যবসায়ীদের ওপর বাড়তি চাপ আসছে না: বাণিজ্যমন্ত্রী

এমএনএ প্রতিবেদক আসন্ন ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেটে দেশের ব্যবসায়ীদের ওপর কোনো অতিরিক্ত চাপ বা নেতিবাচক ...