Don't Miss
Home / আইন আদালত / জাহাজবাড়ি জঙ্গি অভিযান: হাসিনাসহ ৬ জনকে আত্মসমর্পনের নির্দেশ আইসিটি’র, বিজ্ঞপ্তি প্রকাশ

জাহাজবাড়ি জঙ্গি অভিযান: হাসিনাসহ ৬ জনকে আত্মসমর্পনের নির্দেশ আইসিটি’র, বিজ্ঞপ্তি প্রকাশ

আদালত প্রতিবেদক

রাজধানীর মিরপুরের কল্যাণপুরের ‘জাহাজবাড়ি’ অভিযানে ৯ তরুণ নিহতের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক ছয় আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৮ মার্চ দিন ধার্য করা হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার–এর নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। তাঁর সঙ্গে ছিলেন প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার ও আবদুস সাত্তার পালোয়ান।

মামলায় মোট আসামি আটজন। তাদের ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ ছিল। এর মধ্যে দু’জন বর্তমানে গ্রেফতার রয়েছেন। বাকি ছয়জন পলাতক থাকায় তাদের আত্মসমর্পণে জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।

গ্রেফতার দুই আসামি হলেন সাবেক আইজিপি একেএম শহিদুল হক এবং ডিএমপির সাবেক কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া।

পলাতক আসামিরা হলেন—সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ডিএমপির তৎকালীন অতিরিক্ত কমিশনার শেখ মুহম্মদ মারুফ হাসান, তৎকালীন সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম, ডিএমপির তৎকালীন যুগ্ম কমিশনার (ক্রাইম) কৃষ্ণ পদ রায় এবং তৎকালীন যুগ্ম কমিশনার (ডিবি) আব্দুল বাতেন।

এর আগে গত ২৯ জানুয়ারি আট আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল এবং তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ২৫ জুলাই রাতে রাজধানীর কল্যাণপুরে ‘জাহাজবাড়ি’ নামে পরিচিত একটি বাড়িতে কথিত জঙ্গি আস্তানায় অভিযান চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। ‘অপারেশন স্টর্ম-২৬’ নামে পরিচিত ওই অভিযানে ৯ তরুণ নিহত হন। ঘটনাটি নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক ও অভিযোগের প্রেক্ষিতে বর্তমান মামলাটি বিচারাধীন রয়েছে।

x

Check Also

দেশের ৭ জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু, আহত বেশ কয়েকজন

এমএনএ প্রতিবেদক দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের ঘটনায় অন্তত ১২ জনের মৃত্যুর খবর ...