Don't Miss
Home / অর্থনীতি / গভর্নরকে স্বৈরাচার আখ্যা, কেন্দ্রীয় ব্যাংকের তিন কর্মকর্তাকে শোকজ

গভর্নরকে স্বৈরাচার আখ্যা, কেন্দ্রীয় ব্যাংকের তিন কর্মকর্তাকে শোকজ

অর্থনৈতিক প্রতিবেদক

বাংলাদেশ ব্যাংক–এর গভর্নর ড. আহসান এইচ মনসুর–কে ‘স্বৈরাচার’ আখ্যা দিয়ে সংবাদ সম্মেলন করায় কেন্দ্রীয় ব্যাংকের তিন কর্মকর্তাকে শোকজ করা হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে তাদের লিখিত জবাব দিতে বলা হয়েছে। জবাব সন্তোষজনক না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি বলেন, “পত্র-পত্রিকায় যাদের নাম এসেছে, তারাই শোকজের আওতায় রয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। জবাব সন্তোষজনক না হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদ সম্মেলন আয়োজনের এখতিয়ার ছিল কি না—এ প্রশ্নে মুখপাত্র বলেন, বিষয়টি বর্তমানে শোকজ প্রক্রিয়ার আওতায় থাকায় এ মুহূর্তে বিস্তারিত মন্তব্য করা সম্ভব নয়। জবাব পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

শোকজপ্রাপ্ত কর্মকর্তারা হলেন—বাংলাদেশ ব্যাংকের ‘নীল দল’-এর সাধারণ সম্পাদক ও এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক নওশাদ মোস্তফা, বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতি একেএম মাসুম বিল্লাহ এবং একই সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা শ্রাবণ।

গত ১৬ ফেব্রুয়ারি আকস্মিক এক সংবাদ সম্মেলনে তারা গভর্নরের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করেন। সেখানে দুর্বল ব্যাংকের সঙ্গে এক্সিম ব্যাংক ও সোস্যাল ইসলামী ব্যাংক একীভূত করার উদ্যোগ, ডিজিটাল ব্যাংকের লাইসেন্স প্রদান প্রক্রিয়া এবং ব্যাংক খাতের সাম্প্রতিক নীতিনির্ধারণ নিয়ে প্রশ্ন তোলা হয়। একইসঙ্গে গভর্নরকে ‘স্বৈরাচার’ আখ্যা দেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের স্টাফ রেগুলেশন অনুযায়ী, কোনো কর্মকর্তা সংবাদ সম্মেলন, সভা বা গণমাধ্যমে বক্তব্য দেওয়ার আগে গভর্নরের অনুমোদন নিতে বাধ্য। ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়ে আপত্তি থাকলে তা অভ্যন্তরীণ ফোরামে উত্থাপনের সুযোগ রয়েছে; সরাসরি সংবাদ সম্মেলন করার বিধান নেই। ১৬ ফেব্রুয়ারির ওই সংবাদ সম্মেলনে একই দিনের পর্ষদ সভা নিয়েও প্রশ্ন তোলা হয় বলে জানা গেছে।

x

Check Also

দেশের ৭ জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু, আহত বেশ কয়েকজন

এমএনএ প্রতিবেদক দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের ঘটনায় অন্তত ১২ জনের মৃত্যুর খবর ...