এমএনএ প্রতিবেদক
আপাতত বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, “বর্তমানে বিদ্যুতের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনা সরকারের নেই।” তিনি আরও জানান, পবিত্র রমজান মাসে ইফতার, তারাবি ও সেহেরির সময় যাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
জ্বালানি সরবরাহ প্রসঙ্গে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি জানান, রোববার বেলা ১১টার দিকে তেলভর্তি একটি জাহাজ বন্দরে পৌঁছেছে এবং আজ আরও একটি জাহাজ আসার কথা রয়েছে।
সরকার রমজান মাসে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও তিনি উল্লেখ করেন।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

