Don't Miss
Home / আইনশৃঙ্খলা ও অপরাধ / ইরান-ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় হামলা-পাল্টা হামলার মধ্যেই যুদ্ধবিরতির আহ্বান ফরাসি প্রেসিডেন্টের

ইরান-ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় হামলা-পাল্টা হামলার মধ্যেই যুদ্ধবিরতির আহ্বান ফরাসি প্রেসিডেন্টের

আন্তর্জাতিক ডেস্ক

ইরান ও ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় হামলা-পাল্টা হামলার মধ্যেই যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ।

জাপান সফরে দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি-র সঙ্গে বৈঠক শেষে টোকিওর আকাসাকা প্রাসাদে যৌথ সংবাদ সম্মেলনে এমানুয়েল মাখোঁ বলেন, আন্তর্জাতিক আইন, শৃঙ্খলা এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি আস্থা থেকেই তারা শান্তি, স্থিতিশীলতা এবং হরমুজ প্রণালিতে অবাধ চলাচল নিশ্চিত করতে চান।

তাকাইচি বলেন, দ্রুত উত্তেজনা প্রশমন, গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তা নিশ্চিত করা এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখা জরুরি। তিনি আরও উল্লেখ করেন, বর্তমান কঠিন আন্তর্জাতিক প্রেক্ষাপটে জাপান ও ফ্রান্সের মধ্যে সহযোগিতা আরও তাৎপর্যপূর্ণ।

এদিকে, ইরান ইসরায়েলের মধ্যাঞ্চল লক্ষ্য করে অন্তত ১১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা চলমান সংঘাতের শুরু পর্বের পর থেকে সবচেয়ে বড় আকারের হামলা হিসেবে বিবেচিত হচ্ছে। এ হামলায় অন্তত ১৪ জন আহত হয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, অধিকাংশ ক্ষেপণাস্ত্র তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে। তবে নির্ধারিত কৌশল অনুযায়ী কিছু ক্ষেপণাস্ত্রকে জনশূন্য বা খোলা এলাকায় আঘাত হানতে দেওয়া হয়। সেনাবাহিনী জানায়, হামলাটি দুই দফায় পরিচালিত হয়—প্রথম দফায় ১০টি এবং পরবর্তী দফায় একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

ইসরায়েলের জরুরি সেবা সংস্থা জানিয়েছে, আহত ১৪ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ১১ বছর বয়সী এক কিশোরী গুরুতরভাবে স্প্লিন্টারের আঘাতে আহত হয়েছে। এছাড়া ১৩ বছর বয়সী এক কিশোর ও ৩৬ বছর বয়সী এক নারীর অবস্থা স্থিতিশীল, আর বাকি ১১ জন সামান্য আহত হয়েছেন। তেল আবিবসহ মধ্যাঞ্চলের বিভিন্ন শহরে তারা আহত হন।

সাম্প্রতিক সময়ে ইরানের হামলায় সাধারণত তিনটির মতো ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হলেও এবার তা উল্লেখযোগ্যভাবে বেশি ছিল।

অন্যদিকে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, তারা ইসরায়েলি বাহিনীর অবস্থান লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী, রাবা থালাথিন এলাকায় একটি গোলন্দাজ অবস্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে এবং আইনাতা অঞ্চলে একটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এছাড়া ব্লিফে এলাকায় একটি যুদ্ধবিমান লক্ষ্য করেও হামলার দাবি করা হয়। এসব দাবির বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে ইসরায়েলের হামলায় দেশটিতে অন্তত ১,৩১৮ জন নিহত এবং ৩,৯৩৫ জন আহত হয়েছে। দক্ষিণ লেবাননে বর্তমানে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে তীব্র সংঘর্ষ চলছে।

এদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী ইরানের রাজধানী তেহরানে ব্যাপক বিমান হামলা চালানোর কথা জানিয়েছে। তাদের দাবি, এই হামলায় ইরানের গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হয়েছে। একই সঙ্গে সম্ভাব্য পাল্টা হামলা প্রতিরোধে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রাখা হয়েছে। তবে এ হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

x

Check Also

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

এমএনএ প্রতিবেদক উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে ...