Don't Miss
Home / আজকের সংবাদ / টেস্ট সিরিজ খেলতে ২ মে বাংলাদেশে আসছে পাকিস্তান, শান মাসুদের নেতৃত্বে ১৬ সদস্যের দল ঘোষণা

টেস্ট সিরিজ খেলতে ২ মে বাংলাদেশে আসছে পাকিস্তান, শান মাসুদের নেতৃত্বে ১৬ সদস্যের দল ঘোষণা

খেলাধুলা প্রতিবেদক

আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলের নেতৃত্বে থাকছেন অধিনায়ক শান মাসুদ। এই সিরিজে বড় পরিবর্তন এসেছে কোচিং স্টাফে—প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক উইকেটকিপার-ব্যাটসম্যান সরফরাজ আহমেদ।

কিছুদিন ধরেই পাকিস্তান দলের টেস্ট প্রধান কোচের পদটি শূন্য ছিল। সরফরাজ আহমেদকে এ দায়িত্ব দেওয়া হতে পারে—এমন আলোচনা চলছিল, শেষ পর্যন্ত সেটিই বাস্তবে রূপ নিয়েছে।

ঘোষিত স্কোয়াডে চারজন নতুন মুখ জায়গা পেয়েছেন। তারা হলেন আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস ও মুহাম্মদ গাজী ঘোরি। এদের মধ্যে কয়েকজন বর্তমানে লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে লাল বলের ক্যাম্পে অংশ নিচ্ছেন। স্কোয়াডের বেশিরভাগ খেলোয়াড়ই এখন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ব্যস্ত সময় পার করছেন।

পিসিবির বিজ্ঞপ্তি অনুযায়ী, সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে ২৭ এপ্রিল থেকে করাচিতে বিশেষ ক্যাম্প শুরু হবে, যা চলবে ১ মে পর্যন্ত। ক্যাম্প শেষে ২ মে বাংলাদেশে রওনা দেবে পাকিস্তান দল। যারা পিএসএলে খেলছেন, তারা নিজ নিজ দলের দায়িত্ব শেষ করে ক্যাম্পে যোগ দেবেন। কেউ যদি ফাইনালে ওঠেন, তবে সরাসরি বাংলাদেশে দলের সঙ্গে যুক্ত হবেন।

দুই ম্যাচের এই টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে ৮ মে ঢাকার মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

এই সিরিজে পাকিস্তানের ব্যাটিং কোচ হিসেবে থাকছেন আসাদ শফিক এবং বোলিং কোচের দায়িত্ব পালন করবেন উমর গুল।

পাকিস্তানের ঘোষিত ১৬ সদস্যের দল:
শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শেহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটকিপার), নোমান আলী, সাজিদ খান, সালমান আলী, সৌদ শাকিল ও শাহিন শাহ আফ্রিদি।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...