এমএনএ অর্থনীতি রিপোর্ট : সপ্তাহজুড়ে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর বেড়েছে। সেইসঙ্গে মূল্য সূচকের উন্নতি হয়েছে। এতে দেশের পুঁজিবাজারে ইতিবাচক ধারায় একটি সপ্তাহ পার করেছে, যার প্রভাব পড়েছে লেনদেনে। বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমাণ এবং বাজার মূলধন। ফলে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেন বেড়েছে ১২ দশমিক ৯১ শতাংশ।
সংশ্লিষ্টরা বলছেন, এক্সপোজার সমস্যা সমাধান হওয়ায় ব্যাংকের বিনিয়োগ বাড়ানোরও ক্ষেত্র তৈরি হয়েছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের পাশাপাশি বিদেশিরা দেশের শেয়ারবাজারে বিনিয়োগে সক্রিয় হচ্ছে। ফলে ভবিষ্যতে বাজারের লেনদেন আরও ইতিবাচক হবে বলে মনে করছেন তারা।
ডিএসইতে গত সপ্তাহে টাকার অংকে লেনদেন হয়েছে ২ হাজার ২১৬ কোটি ৫২ লাখ টাকা, যা আগের সপ্তাহের চেয়ে ২৫৩ কোটি বা ১২ দশমিক ৯১ শতাংশ বেশি। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৯৬৩ কোটি ১১ লাখ টাকা।
ডিএসইতে গত সপ্তাহে প্রথম কার্যদিবস রবিবার (৩১ জুলাই) বাজার মূলধন ছিল ৩ লাখ ২২ হাজার ২৪৪ কোটি ৬১ লাখ ৭৭ হাজার ১৬৯ টাকায় এবং শেষ কার্যদিবসে বৃহস্পতিবার (৪ আগস্ট) বাজার মূলধন বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ২৩ হাজার ৩০১ কোটি
৯১ লাখ ৭৭ হাজার ৪১৫ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ১ হাজার ৫৭ কোটি ৩০ লাখ টাকা বা শূন্য দশমিক ৩৩ শতাংশ।
গত সপ্তাহে ডিএসইতে বেড়েছে দৈনিক গড় লেনদেনের পরিমাণ। গড়ে প্রতিদিন লেনদেন হয়েছে ৪৪৩ কোটি ৩০ লাখ টাকা, যা তার আগের সপ্তাহে ছিল ৩৯২ কোটি ৬২ লাখ টাকা।
গত সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের সপ্তাহের চেয়ে ৩৯ পয়েন্ট বেড়ে চার হাজার ৫৭৭ পয়েন্টে অবস্থান করছে এবং শরিয়াহ সূচক ডিএসইএস ১১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১২৩ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক ২৩ পয়েন্টে বেড়ে ১ হাজার ৭৯৫ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩৩০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬৪টির, কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির, এ ছাড়া লেনদেন হয়নি ২টি কোম্পানির শেয়ার।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) গত সপ্তাহে সিএএসপিআই সূচক বেড়েছে শূন্য দশমিক ৭৬ শতাংশ। সিএসই-৩০ সূচক বেড়েছে ১ দশমিক শূন্য ৮ শতাংশ, সার্বিক সূচক সিএসসিএক্স বেড়েছে শূন্য দশমিক ৭৭ শতাংশ, সিএসই-৫০ সূচক বেড়েছে ১ দশমিক শূন্য ৮ শতাংশ। তবে শরিয়াহ সিএসআই সূচক কমেছে ১ দশমিক ১৯ শতাংশ।
সিএসইতে গড়ে মোট লেনদেন হয়েছে ২৮০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের। এর মধ্যে দর বেড়েছে ১৩৬টির, কমেছে ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির। টাকার অংকে লেনদেন হয়েছে ১২৪ কোটি ৫১ লাখ টাকা।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

