এমএনএ রিপোর্ট : মার্কিন যুক্তরাষ্ট্রের রণতরী ডোবাতে প্রস্তুত বলে হুমকি দিয়েছে উ. কোরিয়া। আজ রবিবার পশ্চিম প্রশান্ত মহাসাগরে যৌথ মহড়ায় জাপানের নৌবাহিনীর দুটি জাহাজ যোগ দেয়ার পরে এই হুমকি দিল।
উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কাস পার্টির মুখপত্র রডং সিনমুন পত্রিকায় আজ রবিবার এ খবর প্রকাশ করা হয়।
জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র পরীক্ষা এবং নিয়মিত ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে।
বিশ্বের সঙ্গে প্রায় বিচ্ছিন্ন এই দেশটি যুক্তরাষ্ট্র ও এশিয়ায় তাদের মিত্র দেশগুলো বিশেষ করে জাপান ও দক্ষিণ কোরিয়ায় হামলা চালানোর হুমকিও দিয়েছে।

এর জবাব দিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পশ্চিম প্রশান্ত মহাসাগরে কোরীয় উপদ্বীপে বিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসনকে পাঠানোর নির্দেশ দেন।
গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জানিয়েছিল, শক্তি প্রদর্শন করে নতুন অস্ত্র পরীক্ষা থেকে উত্তর কোরিয়াকে বিরত রাখতে তাদের নৌ-স্ট্রাইক গ্রুপ কার্ল ভিনসন সিঙ্গাপুর থেকে পূর্ব সূচী অনুযায়ী অস্ট্রেলিয়ার দিকে না গিয়ে উল্টো দিকে কোরীয় উপদ্বীপের দিকে রওনা হয়েছে।
যদিও পরে বিবিসির খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের ওই নৌ-স্ট্রাইক গ্রুপটি গত কয়েকদিনে প্রশান্ত মহাসাগরের দিকে না গিয়ে ভারত মহাসাগরের দিকে এগিয়ে যাচ্ছে।
এ বিষয়ে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ স্পষ্ট করে কিছু বলছে না। ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স শনিবার শুধু বলেন, নৌ-স্ট্রাইক গ্রুপটি ‘কয়েক দিনের মধ্যে’ পৌঁছে যাবে। তবে কবে নাগাদ, সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলেননি তিনি।
রডং সিনমুন প্রত্রিকায় খবরে বলা হয়, আমাদের রেভলুশনারি বাহিনী একটি মাত্র আঘাতে যুক্তরাষ্ট্রের পরমাণু শক্তি সম্পন্ন বিমানবাহী রণতরী ডুবিয়ে দিতে প্রস্তুত আছে।
বিমানবাহী রণতরীটি একটি হোঁতকা পশু এবং একটি মাত্র আঘাতে সেটিকে ডুবিয়ে দেওয়া আমাদের সেনাবাহিনীর সক্ষমতার প্রকৃত উদাহরণ হবে।
আগামী ২৫ এপ্রিল কোরিয়ান পিপুলস আর্মি প্রতিষ্ঠার ৮৫তম বার্ষিকী পালন করবে উত্তর কোরিয়া। অতীতে এই দিনটিতে সাধারণত অস্ত্রের পরীক্ষা চালিয়েছে তারা।
এখন পর্যন্ত পাঁচবার পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এর মধ্যে গত বছরই দুইবার পরীক্ষা চালায়।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, উত্তর কোরিয়া এখন পরমাণুঅস্ত্র বহনে সক্ষম দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের উন্নয়নে কাজ করছে, যেটা যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম হবে।
উত্তর কোরিয়ার যেকোনো ধরনের হামলা প্রতিহত করার প্রতিশ্রুতি দিয়ে ট্রাম্প বলেন, (উত্তর কোরিয়াকে আটকাতে) তারা সব ধরনের ব্যবস্থা নিয়েই চিন্তা ভাবনা করছে। তাদের বিবেচনায় সামরিক অভিযানের বিষয়টিও রয়েছে।
এদিকে উত্তর কোরিয়ার হামলার হুমকি প্রতিবেশী দেশ জাপানকে উদ্বিগ্ন করে তুলেছে।
যুক্তরাষ্ট্রের নৌ-স্ট্রাইক গ্রুপ কার্ল ভিনসনের সঙ্গে যোগ দিতে শুক্রবার জাপানের দুইটি যুদ্ধজাহাজ পশ্চিম প্রশান্ত মহাসাগরে রওয়ানা হয়েছে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক
