Don't Miss
Home / আজকের সংবাদ / সৌদি সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

সৌদি সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

এমএনএ রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবে চার দিনের সরকারি সফর শেষে গত রাতে দেশে ফিরেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে প্রথম আরব ইসলামিক আমেরিকান (এআইএ) সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০ মে রিয়াদের উদ্দেশে ঢাকা ছাড়েন। সফরকালে তিনি মক্কায় হারাম শরিফে পবিত্র ওমরাহ পালন ও মদিনায় হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করেন।

‘জয় আমাদের হবে’—এই স্লোগান নিয়ে গত রবিবার সৌদি আরবের রাজধানীতে বাদশাহ আবদুল আজিজ ইন্টারন্যাশনাল সম্মেলন কেন্দ্রে এআইএ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে চরমপন্থা এবং অবৈধ অর্থায়নের বিরুদ্ধে লড়াইয়ের উপায় নিয়ে আলোচনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আরব ও মুসলিম বিশ্বের ৫৬টি দেশের নেতারা যোগ দেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী সম্মেলনে তাঁর লিখিত ভাষণে সন্ত্রাসী ও জঙ্গিবাদীদের অস্ত্র সরবরাহ বন্ধে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে সম্মেলনে শেখ হাসিনা আরও কিছু প্রস্তাব উত্থাপন করেন।

রোববার এআইএ সম্মেলন শুরুর আগে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...