এমএনএ রিপোর্ট : নিম্নচাপের প্রভাবে দুদিন আগের প্রচুর বৃষ্টি হয়েছিল সারা দেশে। সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়। নিম্নচাপের রেশ কাটতে না কাটতে আবারও বঙ্গোপসাগরে প্রচুর মেঘমালা সৃষ্টি হচ্ছে। এ কারণে আজ বুধবার চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস এবং দেশের চারটি সমুদ্রবন্দরকে আবারও তিন নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
এর ফলে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে।
ভারী বর্ষণের বিশেষ সতর্ক বার্তায় বলা হয়, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আজ (বুধবার) বিকাল পর্যন্ত চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বসের আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের সতর্ক বার্তায় বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ
কারণে চট্টগ্রাম, মোংলা, পায়রা ও কক্সবাজার সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার ট্রলার ও নৌকাগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এদিকে বুধবার সকাল ৯টায় পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, যা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উপর সক্রিয়, অবশিষ্টাংশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোসাগরে মাঝারী থেকে প্রবল অবস্থায় বিরাজ করছে।
এর প্রভাবে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়ার এই বিশেষ বুলেটিনে আরও বলা হয়, এসময় চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
বৃষ্টির মাত্রা চট্টগ্রাম বিভাগের বেশি। গতকাল সকাল ছয়টা থেকে আজ বুধবার সকাল ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাঙামাটি জেলায় সবচেয়ে বেশি ১৮১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

