Don't Miss
Home / আজকের সংবাদ / রাখাইনে পুলিশ ফাঁড়িতে ফের হামলা, নিহত ৮৯

রাখাইনে পুলিশ ফাঁড়িতে ফের হামলা, নিহত ৮৯

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : মিয়ানমারের রাখাইনে ৩০টি পুলিশ ফাঁড়ি ও একটি সেনাঘাঁটিতে ‘জঙ্গিদের’ সমন্বিত হামলায় কমপক্ষে ৮৯ জন নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত একটা থেকে আজ শুক্রবার ভোর পর্যন্ত কয়েকটি স্থানে এ ঘটনা ঘটে। লড়াই এখনো চলছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এই হামলায় ৭৭ জন ‘রোহিঙ্গা মুসলিম বিদ্রোহী’ ও নিরাপত্তা বাহিনীর ১২ জন সদস্য নিহত হয়েছে বলে দেশটির সেনাবাহিনী ও সরকার নিশ্চিত করেছে।

দ্য আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি (এআরএসএ) এই হামলার দায় স্বীকার করেছে এবং আরও হামলা চালানোর হুমকি দিয়েছে। এই সংগঠনটি আগে হারাকাহ আল-ইয়াকিন বা ‘ফেইথ মুভমেন্ট’ নামে পরিচিত ছিল।

এই হামলার মাধ্যমে রাজ্যটিতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলো। গত বছরের অক্টোবরে ওই সংগঠনের একই ধরনের একটি হামলায় নয় পুলিশ নিহত হওয়ার পর রাজ্যটিতে রোহিঙ্গা মুসলিমদের ওপর সহিংস অভিযান চালায় দেশটির সেনাবাহিনী।

ওই সেনা অভিযানে বেসামরিক লোককে হত্যা, ধর্ষণ ও বাড়িঘরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। সেনাবাহিনীর ওই সহিংস অভিযানের কারণে ৮৭ হাজার রোহিঙ্গা বাড়িঘর ছেড়ে বাংলাদেশে পালিয়ে যায়। জাতিসংঘের অভিযোগ, দেশটির নিরাপত্তা বাহিনী সেখানে মানবতাবিরোধী অপরাধ করেছে।

আজ শুক্রবারের এই হামলার ঘটনায় বোঝা যাচ্ছে, ওই নির্যাতনের জের ধরে রাখাইনে বিদ্রোহ জোরদার হচ্ছে। রাজ্যের দুর্গম পার্বত্য এলাকায় চলতি মাসে নিরাপত্তা বাহিনী নতুন ‘নির্মূল অভিযান’ শুরু করলে পরিস্থিত আরও খারাপ হয়ে পড়ে।

দেশটির ক্ষমতাসীন দলের প্রধান অং সান সু চির কার্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট একটি নিউজ টিম জানিয়েছে, আজ শুক্রবারের হামলায় একজন সেনা সদস্য, একজন অভিবাসন কর্মকর্তা, পুলিশের ১০ জন সদস্য ও ৭৭ জন বিদ্রোহী নিহত হয়েছে।

সেনাবাহিনীর দুটি সূত্র রয়টার্সকে বলে, এই হামলায় নিহত ব্যক্তির সংখ্যা আরও বাড়তে পারে।

অং সান সু চির কার্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট একটি নিউজ টিম এক বিবৃতিতে বলেছে, বিদ্রোহীরা মাংদো অঞ্চলের একটি থানায় গতকাল দিবাগত রাত একটার দিকে হাতে তৈরি বোমা দিয়ে হামলা চালানো হয়। এ ছাড়া কয়েকটি পুলিশ ফাঁড়িতে সমন্বিত হামলা চালানো হয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, প্রায় ১৫০ জন রোহিঙ্গা বুথিডং শহরের তাউং বাজার গ্রামের সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মংডু থেকে ৪০ কিলোমিটার দক্ষিণে কায়াউক পাণ্ডুর রাখাইন গ্রামে পুলিশ ফাঁড়িতে হামলা চালায় রোহিঙ্গারা।

পুলিশ কর্মকর্তা কায়াউ উইন তুন বলেন, রোহিঙ্গা বিদ্রোহীরা পুলিশ ফাঁড়ি পুড়িয়ে দিয়েছে। সদর দপ্তর থেকে অতিরিক্ত পুলিশ পাঠাতে বলা হয়েছে।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...