এমএনএ জেলা প্রতিনিধি : গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও সিমেন্টবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ২৫ জন।
আজ শনিবার সকাল সাড়ে ৫টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বরাশুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুইজন নারী ও চারজন পুরুষ রয়েছেন বলে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) জাকারিয়া হোসেন গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তবে প্রাথমিকভাবে পুলিশ নিহতদের পরিচয় শনাক্ত করতে পারেনি।
ওসি জাকারিয়া জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরের নাজিরপুরগামী ‘সেবা গ্রীন লাইন’ এর একটি নৈশ কোচের সঙ্গে ঢাকাগামী সিমেন্টবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে।
আহত ২৫ জনকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছে ভাঙ্গা হাইওয়ে পুলিশ, কাশিয়ানী থানা পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চালায়।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

