Don't Miss
Home / আজকের সংবাদ / ভবন সরাতে এক বছরের সময় চেয়েছে বিজিএমইএ

ভবন সরাতে এক বছরের সময় চেয়েছে বিজিএমইএ

এমএনএ রিপোর্ট : নতুন ভবন তৈরি হতে আরও এক বছর সময় লাগবে। তাই রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে ভবন সরাতে আদালতের কাছে আরও এক বছর সময় চেয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।

আজ শনিবার রাজধানীর কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিজিএমইএর সভাপতি মো. সিদ্দিকুর রহমান। তিনি বলেন, ‘আমরা একান্তভাবে আশা করি, সমগ্র অর্থনীতিতে পোশাকশিল্পের অবদান বিবেচনা করে মহামান্য আদালত আমাদের এ আবেদন বিবেচনা করবেন।’

বিজিএমইএর সভাপতি আরও বলেন, ‘সুপ্রিম কোর্টের রায়ের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিজিএমইএর দাপ্তরিক কাজ সুচারুভাবে করার জন্য একটি ভবন ভাড়া করার চেষ্টা করেছি আমরা। তবে ৩০০ কর্মীর কাজ করার মতো উপযুক্ত ভবন না পাওয়ার কারণে মহামান্য হাইকোর্টের নির্দেশমতো নির্ধারিত সময়ে ভবনটি স্থানান্তর করতে পারিনি। যা-ই হোক, আমরা জমি পেয়েছি। কাজও শুরু করেছি।’

উচ্চ আদালতের নির্দেশে গত মার্চ মাসে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে কার্যালয় সরাতে বিজিএমইএ ছয় মাস সময় বেঁধে দিয়েছিলেন আদালত। সেই হিসাবে ১১ সেপ্টেম্বর সেই সময় শেষ হওয়ার কথা। তবে গত ২৩ আগস্ট এক বছর সময় চেয়ে আদালতে আবেদন করে বিজিএমইএ।

নির্ধারিত সময়ের মধ্যে ভবন না ভাঙার বিষয়ে বিজিএমইএ সভাপতি বলেন, বিজিএমইএ ৩ হাজার ২০০ কারখানা এবং ৪৪ লাখ শ্রমিকের স্বার্থ নিয়ে কাজ করে। এই বিপুল পরিমান কারখানা ও শ্রমিকের দাপ্তরিক কাজ হয় এই ভবনে।

বিজিএমইএ মূলত বেসরকারি সংগঠন হলেও অনেকগুলো সরকারি কাজ আমাদের করতে হয়। বিজিএমইএ থেকে সদস্যভুক্ত প্রতিষ্ঠানগুলোর অনুকূলে ইউডি, ইউপি, মেশিনারি আমদানি প্রত্যায়নপত্র জারি করা হয়ে থাকে। এইসব কাজও বিজিএমইএ এর করতে হয়।

নতুন ভবন নির্মাণের জন্য রাজধানীর উত্তরার ১৭ নাম্বার সেক্টরে অর্ধেক মূল্যে সাড়ে ৫ বিঘা বিজিএমইএকে বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী।

গত বৃহস্পতিবার টাকা পরিশোধ করে সেই জমির দলিল বুঝে পেয়েছেন বলে জানান সিদ্দিকুর।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...