নারীদের বিনামূল্যে ২০ লাখ সিম দেবে টেলিটক
Posted by: News Desk
October 22, 2017
এমএনএ রিপোর্ট : নারীর ক্ষমতায়ন ও তাদের জীবনযাত্রার মানোন্নয়নে টেলিটক সারাদেশে নারীদের বিনামূল্যে ২০ লাখ ‘অপরাজিতা’ সিম বিতরণ করবে।
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম আজ রবিবার সচিবালয়ে এই সিম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, টেলিটকের রিটেইলার ও কাস্টমার কেয়ার সেন্টারে গিয়ে বায়োমেট্রিক পদ্ধতি অনুসরণ করে ‘অপরাজিতা’ নামে এক সিম নেওয়া যাবে। একজন নারী বিনামূল্যে সর্বোচ্চ দুটি সিম নিতে পারবেন।
প্রতিমন্ত্রী বলেন, অপরাজিতা সিমে অত্যন্ত সুলভ মূল্যে কল ও ইন্টারনেট সেবা পাওয়া যাবে। এর ফলে ইন্টারনেটে প্রবেশাধিকারে জেন্ডার বৈষম্য বহুলাংশে হ্রাস পাবে। বাংলাদেশের এসডিজি লক্ষ্যমাত্রা-৫ (জেন্ডার সমতা অর্জন এবং সব নারী ও মেয়ের ক্ষমতায়ন করা) অর্জন ত্বরান্বিত হবে।
তারানা হালিম বলেন, স্টার্টআপ বোনাস হিসেবে অপরাজিতা গ্রাহক ১০ টাকা প্রিলোডেড অ্যামাউন্ট হিসেবে পাবেন যা তিনমাস পর্যন্ত বহাল থাকবে।
সেই সঙ্গে এক জিবি ডেটা, ১০ মিনিট টেলিটক থেকে টেলিটকে এবং টেলিটক থেকে অন্য অপারেটরে ৫ মিনিট বিনা পয়সায় কথা বলার সুযোগ পাবেন, যা ব্যবহার করতে হবে অ্যাক্টিভেশনের পর প্রথম সাত দিনের মধ্যে।
প্রতিমন্ত্রী জানান, অপরাজিতা গ্রাহক আট টাকা সপ্তাহব্যাপী এক জিবি ও ১৪ টাকায় সপ্তাহব্যাপী দুই জিবি ডাটা সিম অ্যাকটিভেশনের পরবর্তী তিন মাসে যতো বার খুশি উপভোগ করতে পারবেন।
অপরাজিতা গ্রাহক ২৯ টাকা রিচার্জের মাধ্যমে গ্রাহক সপ্তাহব্যাপী ৩০ পয়সা/মিনিট অন-নেট এবং ৬০ পয়সা/মিনিট অফ-নেট কলরেট উপভোগ করতে পারবে। টেলিটকের বর্তমান নারী গ্রাহকরা অপরাজিতা প্যাকেজ মাইগ্রেট করতে পারবেন।
মাইগ্রেটেড গ্রাহক ২৯ এবং ৯৯ টাকা রিচার্জে রেট-কাটার অফার উপভোগ করতে পারবে। সেই সঙ্গে তিন মাস ডাটা অফার উপভোগ করতে পারবেন। এই সিম আজ রবিবার থেকে সারা দেশে টেলিটকের ৯৭টি গ্রাহক-সেবা কেন্দ্র ও দেশব্যাপী নির্ধারিত রিটেইল পয়েন্টে পাওয়া যাচ্ছে।
টেলিটকের নেটওয়ার্ক নিয়ে গ্রাহক অসন্তুস্টির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে তারানা হলিম বলেন, প্রকল্পের অর্থ ছাড় না হওয়ায় টেলিটকের নেটওয়ার্ক উন্নত করা যাচ্ছে না।
টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণে একনেক অনুমোদিত একটি প্রকল্পের অর্থ ছাড়ের বিষয়টি এখনও ঝুলে আছে। তাছাড়া ফোরজির জন্য একনেক অনুমোদিত দুটি প্রকল্পে অর্থ ছাড়ের বিষয়ে অর্থ মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে।
এ বছরের ডিসেম্বরর মধ্যে দেশে ফোরজি প্রযুক্তি চালু করা হবে জানিয়ে তারানা হালিম বলেন, অপারেটররা ২৪টি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছিলেন। এর মধ্যে বেশিরভাগই ব্যাখার মাধ্যমে সমাধান করা সম্ভব হয়েছে। বাকি দুটি বিষয়ে আলোচনা চলছে, শিগগিরই সমাধান হবে বলে আশা করছি।
উদ্বোধন অনুষ্ঠানে টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. গোলাম কুদ্দুসসহ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিম নারীদের দেবে ২০ লাখ বিনামূল্যে টেলিটক 2017-10-22