বিক্ষোভের মুখে ‘পদ্মাবতী’র মুক্তি বাতিল!
Posted by: News Desk
November 20, 2017
এমএনএ বিনোদন ডেস্ক : ভারতের রাজস্থান, গুজরাট, হরিয়ানা, মহারাষ্ট্রসহ বিভিন্ন প্রদেশে প্রচন্ড বিক্ষোভের মুখে বহুল আলোচিত-সমালোচিত সিনেমা ‘পদ্মাবতী’র মুক্তি অবশেষে বাতিল করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর ছবিটি মুক্তি দেওয়ার কথা ছিল।
গতকাল রবিবার ‘পদ্মাবতী’ ছবির প্রযোজক সংস্থার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। তবে ঠিক কবে সিনেমাটি মুক্তি পাবে সে বিষয়ে কিছুই জানানো হয়নি। সেন্সর বোর্ডের সার্টিফিকেশন পেলেই ছবির পরবর্তী মুক্তির তারিখ ঘোষণা করা হবে বলে প্রযোজক সংস্থার বরাত দিয়ে জানিয়েছে জি-নিউজ।
বিখ্যাত নির্মাতা সঞ্জয় লীলা বানসালির পদ্মাবতী সিনেমা শুরু থেকেই বহুল আলোচিত। ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত ছবির কাহিনী জানার পর থেকেই ভারতের বিভিন্ন রাজ্যের কিছু মহল ‘পদ্মাবতী’ ছবির বিপক্ষে অবস্থান নিয়েছে । এর মধ্যে রাজস্থানের করনি সেনা ও উত্তর প্রদেশের ক্ষত্রিয় সমাজ সবচেয়ে বেশি সক্রিয়।
হিন্দুধর্ম অবমাননা, রাজপুত নারী আর রানি পদ্মিনীর সম্মানহানির মাধ্যমে ‘পদ্মাবতী’ ছবি নির্মাণের শুরু থেকে চিত্রনাট্যের ইতিহাস বিকৃত করা হয়েছে- এমন অভিযোগে সিনেমার মুক্তি আটকানোর দাবি জানিয়ে আসছিল রাজপুত কারণি সেনা থেকে অধিকাংশ হিন্দুত্ববাদী সংগঠন। ছবিতে আলাউদ্দীন খিলজি ও পদ্মাবতীর প্রেম দেখানো হয়েছে।
যা নিয়ে আগুন উত্তপ্ত রয়েছে রাজস্থান, গুজরাট, হরিয়ানা, মহারাষ্ট্রসহ বিভিন্ন রাজ্যে রাজপুত সংগঠনগুলো। এ নিয়ে প্রতিবাদী কোন কোন সংগঠনের পক্ষ থেকে ছবির নায়িকা দীপিকা পাড়ুকোনের নাক কেটে নেওয়ার হুমকি দেওয়া হয় গত বৃহস্পতিবার। এমনকি পরিচালক সঞ্জয়লীলা বনশালি ও অভিনেত্রী দীপিকা পাডুকোনকে খুনের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে।
ছবির পরিচালক বানসালি ও নায়িকা দীপিকার মাথার দামও ঠিক করেছে ১০ লাখ রুপি। এত সব হুমকি আর বাধা উপেক্ষা করে ১ ডিসেম্বর সিনেমা মুক্তির প্রস্তুতি নেন বানসালি আর তাঁর টিম। কিন্তু এবার ছবিটি আটকে দিয়েছে ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)। কাজেই ১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে না ‘পদ্মাবতী’।
এরই মধ্যে গত শনিবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী স্মৃতি ইরানিকে চিঠি লিখে ‘পদ্মাবতী’ নিয়ে নিজের বক্তব্য জানিয়ে দিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া। চিঠিতে তিনি সিনেমাটিতে প্রয়োজনীয় কাটছাট করে তবেই মুক্তি দিতে বলেছেন।
স্মৃতি ইরানিকে দেওয়া চিঠিতে বসুন্ধরা রাজে সিন্ধিয়া লিখেছেন, ‘সেন্সর বোর্ড নিশ্চয়ই ছবিটিকে সার্টিফিকেট দেওয়ার আগে সেটি মুক্তি পেলে কী হতে পারে তা খতিয়ে দেখবে। এর জন্য ইতিহাসবিদ, ফিল্ম বিশেষজ্ঞ, রাজপুত সম্প্রদায়দের সদস্যদের নিয়ে বিশেষ কমিটি গঠন করা হোক, যে কমিটি ছবিটি খতিয়ে দেখবে। ছবি যাতে কোনো জাতির ভাবাবেগে আঘাত না করে সেটা মাথায় রেখে প্রয়োজনীয় পরিবর্তনের পর সেটি মুক্তি দেওয়া হোক।’
রাজস্থানের এ মুখ্যমন্ত্রী বলেন, ফিল্ম নির্দেশকদের স্বাধীনতা রয়েছে যে তারা তাদের নিজস্ব চিন্তাভাবনা অনুযায়ী সিনেমা বানাবেন। তবে তা যেন কখনও দেশের আইনশৃঙ্খলা ও কোনো জাতির ভাবাবেগে আঘাত না করে সেটাও মাথায় রাখা উচিত।
সিবিএসসির প্রধান প্রসূন যোশি আগে থেকেই নাকি বানসালির ওপর চটে ছিলেন। সঞ্জয় লীলা বানসালি ‘পদ্মাবতী’ মুক্তির তারিখ অনেক আগেই নির্ধারণ করেন। ছবির ট্রেলার মুক্তির আগে তিনি রাজপুত করনি সেনাদের ছবিটি দেখানোর আশ্বাস দিয়েছিলেন। কিন্তু কথা রাখেননি বানসালি। সেন্সর বোর্ডেও ছবি জমা দিয়েছেন গত শনিবার। তবে, তা ছবির মুক্তি বাতিল করার মূল কারণ নয়।
প্রসূন যোশি জানান, তাদের কাছে ছবি দেওয়ার সময় উল্লেখ করা হয়নি ‘পদ্মাবতী’ ঐতিহাসিক ছবি, নাকি কাল্পনিক।
এদিকে বানসালি সেন্সর বোর্ড থেকে পাস করানোর আগেই কয়েকজন সাংবাদিক নিয়ে তাঁর ছবির বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করেন। এরপর সাংবাদিকেরা জাতীয় সংবাদমাধ্যমে ছবির রিভিউ দেন।
তাঁরা জানান, ‘পদ্মাবতী’ ছবিতে আপত্তিকর কিছু নেই। এ ছবির মাধ্যমে কারও ধর্মীয় ও সামাজিক অনুভূতিতে আঘাত করা হয়নি। যদিও কোনো ছবির ব্যাপারে এ পর্যালোচনা দেওয়ার অধিকার সবার আগে সিবিএফসির।
প্রতিষ্ঠানটির প্রধান বলেন,‘বোর্ড থেকে অনুমোদন পাওয়ার আগেই বানসালি ছবির বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করেছেন। অনুমোদনহীন একটি ছবি দেখে আবার সাংবাদিকেরা জাতীয় সংবাদমাধ্যমে রিভিউ ও মতামত দিচ্ছেন। বিষয়টি দুঃখজনক।’
গতকাল রবিবার লিখিত বিবৃতির মাধ্যমে ‘পদ্মাবতী’র প্রযোজনা প্রতিষ্ঠান ভায়াকম এইটিন মোশন পিকচারস ও সঞ্জয় লীলা বানসালি ছবির মুক্তি স্থগিত করার খবর জানান। এই ছবিতে অভিনয় করেছেন দীপিকা পাডুকোন, শহিদ কাপুর, রণবীর সিং, অদিতি রাও হায়দারি প্রমুখ।
মুখে মুক্তি বাতিল বিক্ষোভের ‘পদ্মাবতী’র 2017-11-20