কম্বোডিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
Posted by: News Desk
December 3, 2017
এমএনএ রিপোর্ট : তিন দিনের সরকারি সফরে আজ রবিবার কম্বোডিয়ায় পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট স্থানীয় সময় বেলা সাড়ে ১২টায় নমপেন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।
কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুনসেনের নিযুক্ত মিনিস্টার ইন ওয়েটিং এবং থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং কম্বোডিয়ায় বর্তমানে অ্যাক্রেডিটেড সাইদা মুনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।
বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে শেখ হাসিনাকে একটি মোটর শোভাযাত্রা সহকারে হোটেল সোফিটেলে নিয়ে যাওয়া হয়। কম্বোডিয়া সফরকালে তিনি এই হোটেলেই থাকবেন।
প্রধানমন্ত্রী আজ বিকেলে নমপেনে স্বাধীনতা স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। তিনি কম্বোডিয়ার প্রয়াত রাজা নরোদম সিহানুকের রাজকীয় স্মৃতি মূর্তিতেও ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন।
আগামীকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুনসেনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। এর আগে দুই প্রধানমন্ত্রী একান্ত আলোচনায় বসবেন।
সরকারি সূত্রে জানা গেছে, বাণিজ্য, যোগাযোগ, তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে প্রধানমন্ত্রীর সফরের সময় বাংলাদেশ ও কম্বোডিয়ার মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা-সংক্রান্ত ১১টি চুক্তি ও ৯টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।
এর আগে আজ রবিবার সকাল সাড়ে ৮টার দিকে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুনসেনের আমন্ত্রণে প্রধানমন্ত্রীর এ সফরে তার সঙ্গে রয়েছে বৌদ্ধ ভিক্ষুদের একটি প্রতিনিধি দল। এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রীসহ তিনজন মন্ত্রী ও পাঁচটি মন্ত্রণালয়ের সচিব এবং ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দলও প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়েছে।
এর আগে এই সফরের বিভিন্ন দিক তুলে ধরে গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জানান, এই সফরে দেশ দু’টি তাদের জাতির পিতার সম্মানে নিজ নিজ দেশের রাজধানীতে একটি গুরুত্বপূর্ণ সড়কের নামকরণ করবে। ঢাকায় বারিধারা কূটনৈতিক এলাকায় অবস্থিত পার্ক রোডের নাম কম্বোডিয়ার জাতির পিতা ও প্রয়াত রাজা নরদোম সিহানুকের নামে হবে। একইভাবে কম্বোডিয়া সরকার বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে তাদের দেশের রাজধানী নমপেনের একটি প্রধান সড়কের নামকরণ করবে।
তিন দিনের সফর শেষে প্রধানমন্ত্রী ৫ ডিসেম্বর বিকেলে দেশে ফিরবেন।
প্রধানমন্ত্রী পৌঁছেছেন কম্বোডিয়ায় 2017-12-03