Don't Miss
Home / শিক্ষাঙ্গন / জেএসসি-জেডিসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ চুড়ান্ত

জেএসসি-জেডিসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ চুড়ান্ত

এমএনএ ক্যাম্পাস রিপোর্ট : জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ৩০ ডিসেম্বর। পাঠ্যপুস্তক উৎসবে সামনে রেখে ফলাফল ঘোষণার জন্য এ দিন নির্ধারণ করা হয়েছে।
আজ সোমবার ডেমরা মাতুয়াল আনন্দ প্রিন্টিং প্রেস পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের এ সময় ঘোষণা করেন।
শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ওই দিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি তুলে দেবেন শিক্ষামন্ত্রী। পরে বেলা ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরা হবে।
উল্লেখ্য, এবার অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষা জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় মোট ২৪ লাখ ৬৮ হাজার ৮২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
এর মধ্যে ছাত্রের সংখ্যা ১১ লাখ ৪৪ হাজার ৭৭৮ জন এবং ছাত্রী ১৩ লাখ ২৪ হাজার ৪২ জন। দুই হাজার ৮৩৪টি কেন্দ্রে ২৮ হাজার ৬২৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এ পরীক্ষায় অংশ নেয়।
গত পয়লা নভেম্বর থেকে আট বোর্ডের অধীনে সারা দেশে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হয়। শেষ হয় ১৮ নভেম্বর। এবার জেএসসিতে ২০ লাখ ৯০ হাজার ২৭৭ জন এবং মাদরাসা বোর্ডের অধীনে জেডিসিতে তিন লাখ ৭৮ হাজার ৫৪৩ জন পরীক্ষায় অংশগ্রহণ করে।
জেএসসিতে ছাত্রের সংখ্যা নয় লাখ ৭১ হাজার ৩৩৬ জন এবং ছাত্রী ১১ লাখ ১৮ হাজার ৯৪১ জন। জেডিসিতে ছাত্রের সংখ্যা এক লাখ ৭৩ হাজার ৪৪২ জন এবং ছাত্রী দুই লাখ ৫ হাজার ১০১ জন।
এবার বিদেশের নয়টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয় ৬৫৯ জন শিক্ষার্থী।
এদিকে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশের তারিখ এখনও চূড়ান্ত হয়নি।
x

Check Also

অনগ্রসর এলাকায় শিক্ষার সুযোগ বাড়ালে বিকশিত হবে সুপ্ত প্রতিভা: জুবাইদা রহমান

শিক্ষাঙ্গন প্রতিবেদক দেশের প্রত্যন্ত ও অনগ্রসর অঞ্চলে শিক্ষার সুযোগ আরও সম্প্রসারণ করা গেলে সেখানে লুকিয়ে ...