Don't Miss
Home / আজকের সংবাদ / প্রথম বাংলাদেশি হিসেবে দুই ইনিংসেই মুমিনুলের সেঞ্চুরি

প্রথম বাংলাদেশি হিসেবে দুই ইনিংসেই মুমিনুলের সেঞ্চুরি

এমএনএ স্পোর্টস ডেস্ক : বিরল এক রেকর্ডের মালিকই হলেন মুমিনুল হক। প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে এক টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করলেন বাঁহাতি ব্যাটসম্যান মুমিনুল হক। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে এই রেকর্ড গড়লেন তিনি।
প্রথম ইনিংসে ১৭৬ রান করেন মুমিনুল। ম্যাচের পঞ্চম দিনের টি ব্রেকের আগেই সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। এই টেস্টেই ক্যারিয়ারের পঞ্চম ও ষষ্ঠ সেঞ্চুরি উদযাপন করলেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের সংগ্রহ ৫ উইকেটে ২৮১ রান।
সেই ২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়ার ১৭ বছর পর কোনো বাংলাদেশি হিসেবে এমন কীর্তি গড়লেন তিনি।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৮৩তম ব্যাটসম্যান হিসেবে জোড়া সেঞ্চুরি করলেন মুমিনুল। এর আগে সর্বশেষ গত বছর ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের শাহি হোপ এই কীর্তি গড়েছিলেন। যেখানে মুমিনুল এই তালিকায় সঙ্গী হিসেবে পেয়েছেন পন্টিং, ক্যালিস, সাঙ্গা থেকে শুরু করে সেকালের ব্র্যাডম্যান, গাভাস্কারদেরও।
এদিকে মুমিনুলের সঙ্গে লঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারার কাকতালীয়ভাবে একটি ঘটনা মিলে গেছে। ৪ ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জোড়া সেঞ্চুরি পূর্ণ করলেন মুমিনুল। ঠিক ৪ বছর আগে ২০১৪ সালে এই ৪ ফেব্রুয়ারিতেই একই মাঠে বাংলাদেশের বিপক্ষে জোড়া সেঞ্চুরি করেছিলেন কিংবদন্তি সাঙ্গা। সেবার তিনি প্রথম ইনিংসে ৩১৯ রান করার পর দ্বিতীয় ইনিংস ১০৫ রানে অপরাজিত ছিলেন।
মুমিনুল হক ও লিটন দাসের দায়িত্বপূর্ণ ব্যাটিংয়ের সুবাদে হারের শঙ্কায় থাকা বাংলাদেশ শেষ পর্যন্ত এই ম্যাচ বাঁচানোর আশা দেখছে। প্রথম ইনিংসে রানের খাতা খুলতে না পারলেও কঠিন সময়ে হাফসেঞ্চুরি করে দলকে খাদের কিনার থেকে তুলতে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছেন তিনি। লিটন দাস সেঞ্চুরি থেকে ৬ রান দূরে থাকতে প্যাভিলিয়নে ফিরেন।
অধিনায়ক মাহমুদুল্লাহর (১২ রান) সাথে অপর প্রান্তে রয়েছেন মোসাদ্দেক হোসেন।
দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত বাংলাদেশের লিড ৮১ রান। হাতে রয়েছে আরও ৫ উইকেট।
২০০ রানে পিছিয়ে থেকে ম্যাচের চতুর্থ দিনের শেষ বিকেলে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৮১ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যাওয়া বাংলাদেশ পঞ্চম দিনের প্রথম সেশনে মুমিনুল হক ও লিটন দাসের ব্যাটে ভর করে ম্যাচে ফেরে। চতুর্থ উইকেটে তাদের ১৮০ রানের জুটিতে প্রথম ইনিংসে ২০০ রানের ঘাটতি পুষিয়ে লিড নেয় বাংলাদেশ।
ইনিংসে ৭৮তম ওভারে দলীয় ২৬১ রানে মুমিনুল হককে সাজঘরে ফেরত পাঠিয়ে জুটি ভাঙেন ধনঞ্জয়া ডি সিলভা। উইকেররক্ষক নিরোশান ডিকভেলার হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে তিনি খেলেন ১০৫ রানের দারুণ এক ইনিংস।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গত বুধবার শুরু হওয়া টেস্টে টস জিতে প্রথম ইনিংসে সবক’টি উইকেট হারিয়ে ১২৯ দশমকি ৫ ওভারে ৫১৩ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ।
প্রথম ইনিংসে বাংলাদেশের পক্ষে মুমিনুল হক সর্বোচ্চ ১৭৬ রান করেন। এছাড়া মুশফিকুর রহিম ৯২, মাহমুদুল্লাহ ৮৩*, তামিম ইকবাল ৫২ ও ইমরুল কায়েস ৪০ রান করেন।
শ্রীলংকার পক্ষে তিনটি করে উইকেট নেন সুরঙ্গা লাকমল ও রঙ্গনা হেরাথ। দুটি উইকেট নেন লাকশান সান্দাকান।
জবাবে ব্যাট করতে নেমে তিন ব্যাটসম্যানের শতকে ভর করে ৯ উইকেট হারিয়ে ৭১৩ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে শ্রীলংকা।
প্রথম ইনিংসে শ্রীলংকার পক্ষে কুশল মেন্ডিস সর্বোচ্চ ১৯৬ রান করেন। এছাড়া ধনঞ্জয়া ডি সিলভা ১৭৩, রোশেন সিলভা ১০৯ ও দিনেশ চান্ডিমাল ৮৭ রান করেন।
বাংলাদেশের পক্ষে তাইজুল ইসলাম ৪টি, মেহেদি হাসান মিরাজ ৩টি এবং মোস্তাফিজুর রহমান ও সানজামুল ইসলাম একটি করে উইকেট নেন।
x

Check Also

নতুন পে-স্কেল বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ, জমি-ফ্ল্যাট নিবন্ধনে মৌজা রেটকে সমন্বয় হচ্ছে: অর্থমন্ত্রী

অর্থনৈতিক প্রতিবেদক সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ঘোষিত নতুন বেতন কাঠামো বাস্তবায়ন প্রসঙ্গে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ ...