শ্রীদেবীর মৃত্যুর কারণ নিয়ে সন্দেহের তীর!
Posted by: News Desk
February 26, 2018
এমএনএ বিনোদন ডেস্ক : আরব আমিরাতের শীর্ষ গণমাধ্যম খালিজ টাইম প্রথমে জানিয়েছিল কার্ডিয়াক অ্যারেস্টে বলিউডের খ্যাতিমান তারকা শ্রীদেবীর মৃত্যু হয়েছে। পরবর্তীতে ফরেন্সিক রিপোর্টে ‘পানিতে ডুবে’ তাঁর মৃত্যুর কারণ সামনে আসার পর সন্দেহ জোড়ালো হচ্ছে। আসলেই কী শ্রীদেবীর মৃত্যু স্বাভাবিকভাবে হয়েছে নাকি এর ভেতরে কোন রহস্য লুকিয়ে আছে? এ নিয়ে সন্দেহ পোষণ করে সোশ্যাল মিডিয়ায় বিস্তর লেখালেখি হচ্ছে।
বিশেষ করে শ্রীদেবীর স্বামী বনি কাপুরের মুম্বাই চলে যাওয়া এবং হঠাৎ করে শ্রীদেবীকে না জানিয়ে শনিবার দুবাই ফিরে সারপ্রাইজ দেওয়ার মধ্যে রহস্যের বেড়াজাল গ্রোথিত রয়েছে বলে অনেকেই নানান মন্তব্য ও পোস্ট দিয়েছেন। এসব কারণে শ্রীদেবীর মৃত্যু নিয়ে সন্দেহ বাড়ছে!
ফরেন্সিক রিপোর্টে বলা হচ্ছে শ্রীদেবী দুর্ঘটনার কারণে বাথটাবের পানিতে ডুবে মৃত্যুবরণ করেছেন। এছাড়াও তার শরীরে এলকোহল পাওয়া গেছে। তিনি মাতাল ছিলেন বলে মনে করা হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের মিনিস্ট্রি অফ হেলথের সিলমোহরযুক্ত ডেথ সার্টিফিকেট প্রকাশ করেছেন আরব আমিরাতের গণমাধ্যম গালফ নিউজ।
শ্রীদেবীর পারিবারিক সূত্রে জানা যায়, দুবাইয়ের জুমেইরাহ ইমিরেটস টাওয়ারস হোটেলের একটি কক্ষে ছিলেন শ্রীদেবী-বনি। বনি কাপুর আগেই দুবাই থেকে মুম্বাই চলে গিয়েছিলেন। কিন্তু শ্রীদেবীকে চমকে দিতে তিনি আবার গত শনিবার দুবাই যান।
রাতের খাবারের জন্য শ্রীদেবীকে প্রস্তুত হতে বলেন বনি কাপুর। এসময় শ্রীদেবী বাথরুমে যান। দীর্ঘ সময় পরও শ্রীদেবী বের না হলে বনি তাকে ডাকেন। কোনো সাড়া না মিললে বনি দরজা ভেঙে ভেতরে ঢোকেন। তিনি ভেতরে গিয়ে শ্রীদেবীকে পানিভর্তি বাথটবে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন।
সঙ্গে সঙ্গে তিনি তার এক বন্ধুকে ডাকেন। শ্রীদেবীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
গালফ নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়, শ্রীদেবী গোসল করতে গিয়ে শরীরের ভারসাম্য হারিয়ে ফেলেন। ফলে বাথটাবের পানিতে ডুবে তিনি শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যবরণ করেন। শরীরে এলকোহল থাকার কারণে শরীরের অন্যান্য অঙ্গ সেসব কার্য ক্ষমতা হারিয়ে ফেলে বলে গালফ নিউজ ফরেন্সিক প্রতিবেদনের সূত্র দিয়ে উল্লেখ করে।
কিন্তু ফরেন্সিক প্রতিবেদন নিয়েও সোশ্যাল মিডিয়ায় সন্দেহ পোষণ করা হচ্ছেন। সন্দেহ করছেন শুভাকাঙ্ক্ষীরা। ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ উল্লেখ করতে গিয়ে সেখানে বানান ভুল করা হয়েছে। Due to : ACCDENTAL DRAWNING যেখানে DRAWNING বানান সুস্পষ্টভাবে ভুল করা হয়েছে।
উল্লেখ্য, গতকাল রবিবার সারাদিন শ্রীদেবীর মরদেহ পাওয়ার জন্য তার পরিবারের সদস্যরা অপেক্ষায় ছিলেন। পরে সন্ধ্যায় পরিবারের পক্ষ থেকে জানানো হয়ে, আজ সোমবার মরদেহ মুম্বাই পৌঁছবে।
শ্রীদেবীর মৃতদেহ দুবাই থেকে আনতে ভারতের বিশিষ্ট শিল্পপতি অনিল আম্বানি ব্যক্তিগত বিমান পাঠিয়েছেন।
শ্রীদেবীকে ভারতীয় চলচ্চিত্র শিল্পের প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র নারী সুপারষ্টার বলা হয়। ‘সাদমা’, ‘লামহে’, ‘মি. ইন্ডিয়া’, ‘চাঁদনি’, ‘হিম্মতওয়ালা’- ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য শ্রীদেবী এখনও স্মরনীয় হয়ে আছেন। শুধু হিন্দি নয়, গুণী এই অভিনেত্রী তামিল, তেলেগু এবং কন্নড় ছবিতেও সমান সাফল্য পেয়েছেন।
বনি কাপুরের সঙ্গে বিয়ের ১৫ বছর পর ২০১২ সালে শ্রীদেবী ‘ইংলিশ ভিংলিশ’ ছবিটি দিয়ে আবারও বলিউডে প্রত্যাবর্তন করেন। ছবিটি যথেষ্ট প্রশংশিত হয়। তার অভিনীত ‘মম’ ছবিটিও দর্শকনন্দিত হয়েছে। মেয়ে জান্ববী বলিউডে অভিষেকের মাত্র এক মাস আগে শ্রীদেবী চলে গেলেন না ফেরার দেশে।
বাড়ছে নিয়ে মৃত্যুর কারণ! সন্দেহ শ্রীদেবীর 2018-02-26