এমএনএ খেলাধুলা ডেস্ক : দেশের ক্রিকেটের এখন ‘টক অব দ্য টাউন’ আকরাম খান। সব কিছু ছাপিয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যানের দায়িত্ব থেকে তার সরে দাঁড়ানোর ইস্যু নিয়ে আলোচনা এখন তুঙ্গে।এদিকে, বুধবার (২২ ডিসেম্বর) এক বৈঠকের পর এ বিষয়টি নিয়ে কথা বলেছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, সে (আকরাম) যে পদে ছিল তার মেয়াদ তো অনেক আগেই শেষ হয়েছে। এতদিন তো অন্তবর্তীকালীন দায়িত্বে ছিল। তাই পদত্যাগ করার প্রসঙ্গই এখানে আসছে না।
পাপন আরও বলেন, তার (আকরাম) সঙ্গে আমার কথা হয়েছে। সে জানিয়েছে যে, এখন যে দায়িত্ব আছে সে সেটা তার জন্য কঠিন হয়ে যাচ্ছে। আর তাই সে অন্য কমিটিতে থাকার আগ্রহ প্রকাশ করেছে।বোর্ড সভাপতি জানান, ‘আকরাম খানের থাকা-না থাকার বিষয়ে সিদ্ধান্ত আগামী শুক্রবার (২৪ ডিসেম্বর) সিদ্ধান্ত নেওয়া হবে।’ঘটনার সূত্রপাত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্সের প্রধান ও সাবেক কিংবদন্তি ক্রিকেটার আকরাম খানের সহধর্মিনী সাবিনা আকরাম খানের এক ফেসবুক পোস্ট ঘিরে।
সোমবার (২০ ডিসেম্বর) নিজের ফেসবুকে তিনি ছোট একটি পোস্ট করেন। এরপরই তোলপাড়। তার পোস্টটি ছিল, ক্রিকেট অপারেশন্স ছেড়ে দিচ্ছেন আকরাম খান। এরপরই গুঞ্জন শুরু হয় ক্রিকেট পাড়ায়। সবার একটাই জিজ্ঞাসা ছিল তাহলে কি সত্যিই অপারেশন্স প্রধানের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন আকরাম।
যদিও প্রথম দিকে আকরাম বা বিসিবির কেউই বিষয়টি নিয়ে মুখ খোলেনি। তবে মঙ্গলবার (২১ ডিসেম্বর) আকরাম গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেছিলেন, এটা আমাদের পারিবারিকভাবে নেওয়া সিদ্ধান্ত। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, যিনি বিসিবিতে ভালো মন্দ সবকিছুতে আমার অভিভাবকের মতো ছিলেন, তার সঙ্গে কথা বলে তার মতামত নিয়েই আমি চূড়ান্তভাবে আপনাদের সিদ্ধান্ত জানাতে চাই।
এর আগে আকরামের সহধর্মিনী সাবিনা আকরাম খান জানান, সে (আকরাম) স্বেচ্ছায় ক্রিকেট থেকে সরে দাঁড়াতে চাচ্ছে। তার স্ত্রীর ভাষ্যমতে, পরিবারকে আরও বেশি সময় দিতেই পারিবারিকভাবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।তিনি বলেন, আকরাম সারাটা জীবন ক্রিকেট নিয়েই পড়ে থাকলো। ক্রিকেটকে সময় দিতে গিয়ে পরিবার-সন্তানদেরও সময় দিতে পারছে না। তাই আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া তিনি আরও জানান, আকরাম নিশ্চয়ই মিডিয়ার কাছে এ ব্যাপারে বিস্তারিত জানাবে।বাংলাদেশ ক্রিকেট দলের ভরাডুবিতে অভিযোগের তীর কোচিং স্টাফ, নির্বাচক, ক্রিকেট অপারেশন্স থেকে শুরু করে গোটা বোর্ডের দিকেই উঠছে। এর মধ্যেই এমন বিস্ফোরক খবর পাওয়া গেল।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

