Don't Miss
Home / আজকের সংবাদ / কাঁচকলার চিপস

কাঁচকলার চিপস

এমএনএ রান্না ডেস্কঃ (ফারহানা রুমকি)

কাঁচকলার চিপস

সব বয়সের মানুষের চিপস একটি পছন্দনীয় খাবার। বাইরে থেকে কেনা চিপস কতোটা স্বাস্থ্যসম্মত, সেটা নিয়েআমাদের চিন্তায় তো আছেই । চলুন তাই ঘরেই চিপস বানিয়ে ফেলি। বাসায়ই পুষ্টিকর উপকরণ দিয়ে খুব সহজে মুচমুচে চিপস বানিয়ে নেওয়া যায়। কাঁচকলা এমন একটি সবজি, যা সহজলভ্য এবং শরীরের জন্য অনেক বেশী উপকারি। মুচমুচে কাঁচকলার চিপস খেতে বেশ ভালোই লাগে! বিকালের নাশতায় কী ধরনের হেলদি স্ন্যাকস তৈরি করা যায় আজ এমনই একটি মজাদার স্ন্যাকসের রেসিপি শেয়ার করবো যেটা অল্প সময়ে ঝামেলাবিহীন উপায়ে বানিয়ে নেওয়া যায়। তাহলে দেড়ি না করে কাঁচকলার চিপস বানানোর রেসিপিটি জেনে নিন!
কাঁচকলার চিপস তৈরির পদ্ধতি
উপকরণ
• কাঁচকলা- ২টি
• লবণ- স্বাদ অনুযায়ী
• হলুদ গুঁড়ো- ১/২ চা চামচ
• লালমরিচের গুঁড়ো- ১/২ চা চামচ
• বেসন- ১/২ কাপ
• কর্ন ফ্লাওয়ার- ২ চা চামচ
• জিরা গুঁড়ো- ১/২ চা চামচ
• গোলমরিচের গুঁড়ো- সামান্য
• তেল– ভাজার জন্য
প্রস্তুত প্রণালী
১) প্রথমে কাঁচকলাগুলো পাতলা পাতলা স্লাইসে গোল করে কেটে নিন। কাটার সাথে সাথে লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে রাখুন। এভাবে মাখিয়ে না রাখলে খুব দ্রুতই কাঁচকলা কালো হয়ে যায়!
২) এবার একটি পাত্রে হলুদ গুঁড়ো, লালমরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো ও কর্ন ফ্লাওয়ার ভালোভাবে মিশিয়ে নিন।
৩) সামান্য একটু পানি দিয়ে বেসন গুলিয়ে নিন এবং এটি ঐ মসলার মিশ্রণে ঢেলে দিন। সামান্য লবণ দিয়ে সব উপকরণগুলো মিক্স করে ফেলুন।
৪) তারপর গোল গোল করে কেটে রাখা কাঁচকলাগুলো এই মিশ্রণে দিয়ে দিন এবং ভালোভাবে কোটিং করে নিন। অর্থাৎ কাঁচকলার সাথে যাতে মসলাগুলো ভালো করে লাগে সেদিকে খেয়াল রাখুন।
৫) অন্যদিকে তেল গরম করতে দিন। অনেকে তেলে না ভেজে ওভেনে বেক করে নেন। ওভেন না থাকলে ডুবো তেলে মুচমুচে করে ভেজে নিতে হবে।
৬) গরম তেলে একে একে কাঁচকলার চিপসগুলো দিয়ে দিন এবং বাদামি রং না আসা পর্যন্ত ভাজতে থাকুন।
৭) ভাজা হয়ে গেলে চিপসগুলো কিচেন টিস্যুতে তুলে রাখুন যাতে এক্সট্রা তেল শুষে নেয়। এবার উপর থেকে সামান্য গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিন।
ব্যস, কাঁচকলার চিপস তৈরি হয়ে গেলো! বিকালে চায়ের আড্ডাতে কিংবা বাচ্চাদের নাস্তার মেন্যুতে এই আইটেমটি রাখতে পারেন। তাহলে হাতের কাছে উপকরণগুলো থাকলে আজই বানিয়ে নিন কাঁচকলার চিপস।

x

Check Also

৪ দিনের ডিসি সম্মেলন শুরু হচ্ছে রোববার, আলোচনায় আসছে ৪৯৮ প্রস্তাব

এমএনএ প্রতিবেদক ঢাকায় চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল রোববার (৩ মে)। ...