Don't Miss
Home / আজকের সংবাদ / ছাত্রলীগের পরবর্তী সম্মেলন আগামী ১১ মে

ছাত্রলীগের পরবর্তী সম্মেলন আগামী ১১ মে

এমএনএ রিপোর্ট : আগামী মে মাসেই হতে যাচ্ছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পরবর্তী সম্মেলন। তারিখ চুড়ান্ত করা হয়েছে ১১ মে।
গতকাল শনিবার প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সম্মেলনের এ সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। সভায় উপস্থিত একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বৈঠক সূত্রে জানা যায়, ছাত্রলীগের সম্মেলন নিয়ে আলোচনা শুরু হলে প্রধানমন্ত্রী মে মাসের প্রথম সপ্তাহে ছাত্রলীগের সম্মেলন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন। পরে অন্যান্য কর্মসূচির সঙ্গে সময় মিলিয়ে আগামী ১১ মে সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়।
সূত্র জানায়, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান ছাত্রলীগের সম্মেলন প্রসঙ্গে কথা তোলেন।
তিনি বলেন, ছাত্র সংগঠনের সম্মেলন হলে সংগঠন গতিশীল হয়, নতুন নেতৃত্ব উঠে আসে। তাই ছাত্রলীগের সম্মেলন যথা সময়ে হওয়া উচিত।
এ প্রসঙ্গে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, সম্মেলন মে মাসের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহেই যেন করা হয়। এ সময় মে মাসের ১১ তারিখ ছাত্রলীগের সম্মেলন করা যায় কি-না এমন আলোচনাও হয়।
এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ছাত্রলীগের সম্মেলন, ছাত্রলীগকেই তারিখ নির্ধারণ করতে দিলে ভালো হয়।
সর্বোপরি ছাত্রলীগের পরবর্তী সম্মেলনকে ঘিরে এখন সারাদেশে ব্যাপক তোড়জোর চলছে।
ছাত্রলীগ নেতাদের সঙ্গে আলোচনা করে তারিখ নির্ধারণ করার নির্দেশ দিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, রোজার আগেই যেন সম্মেলন হয়। কারণ মে মাসের ১৭ তারিখে রোজা শুরু।
২০১৫ সালের ২৬ জুলাই অনুষ্ঠিত সম্মেলনে ছাত্রলীগের নেতৃত্বে আসেন সাইফুর রহমান সোহাগ ও এসএম জাকির হোসাইন। গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর মেয়াদি কমিটির মেয়াদ গত বছরের ২৬ জুলাই শেষ হলেও সম্মেলন কিংবা কাউন্সিলের আয়োজন করা হয়নি এতদিন।
এর আগে গত ৬ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সম্মেলনের বিষয়ে বলেছিলেন, নেত্রীর ইচ্ছা স্বাধীনতার মাসে ছাত্রলীগ সম্মেলনের আয়োজন করুক।
এরপর ১২ জানুয়ারি ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী ৩১ মার্চ সম্মেলনের প্রথম অধিবেশন ও ১ এপ্রিল দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত হয়েছিলো।
x

Check Also

চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে ১৮ এপ্রিল, আজ রাতে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি সৌদি সরকারের নির্ধারিত হজ ব্যবস্থাপনা রোডম্যাপ অনুযায়ী চলতি বছরের হজ ফ্লাইট আগামী ১৮ ...