জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ৮ ফেব্রুয়ারি
Posted by: News Desk
January 25, 2018
এমএনএ রিপোর্ট : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় রায় ঘোষণা করা হবে আগামী ৮ ফেব্রুয়ারি।
আজ বৃহস্পতিবার উভয় পক্ষের যুক্তিতর্কের শুনানি শেষে বকশীবাজার কারা অধিদপ্তরের প্যারেড গ্রাউন্ডে স্থাপিত বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামানের আদালত এ আদেশ দেন। এ সময় খালেদা জিয়া এজলাসে উপস্থিত ছিলেন।
আদালত সূত্র জানায়, দুদক ও আসামি পক্ষে ১৬ কার্যদিবস ধরে যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়। আর ২৩৬ কার্যদিবস শুনানির পর এ মামলা রায়ের পর্যায়ে এল।
আদালতে দুদকের পক্ষে আইনজীবী মোশাররফ হোসেন কাজল খালেদা জিয়াসহ ছয় আসামির সর্বোচ্চ সাজা দাবি করেন। খালেদা জিয়ার প্রধান আইনজীবী আবদুর রেজাক খান মামলাটিকে সারবত্তাহীন উল্লেখ করে খালেদা জিয়ার খালাস চান।
এর আগে বেলা ১১টা ৩৮ মিনিটে রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত আদালতে উপস্থিত হন বিএনপি চেয়ারপারসন। এর পরই জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দেন তিনি। আর বেলা তিনটা ২৫ মিনিটের দিকে আদালত চত্বর ত্যাগ করেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামালের পক্ষে শুনানি শুরু হয়।
এর আগে গতকাল বুধবার ব্যক্তিগত হাজিরা থেকে একদিনের অব্যাহতি পাওয়ার পরও আদালতে হাজির ছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে একদিনের জন্য আদালতের কার্যক্রম ‘মুলতবি’ চেয়েছিলেন খালেদা জিয়া। আদালত শুধু তাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেন। কিন্তু খালেদা জিয়া সেটি চাননি, তিনি মামলার পুরো কার্যক্রম শুনতে আগ্রহী হওয়ায় ব্যক্তিগত অব্যাহতি গ্রহণ করেননি।
উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্টের নামে এতিমদের জন্য বিদেশ থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রাজধানীর রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০০৯ সালের ৫ আগস্ট এই মামলায় খালেদা জিয়া, তারেক রহমান, মাগুরার বিএনপির সাবেক সাংসদ কাজী সালিমুল হক কামাল, সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভাগনে মমিনুর রহমানের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। মামলায় শুরু থেকে পলাতক রয়েছেন কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান।
এছাড়া জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে ২০১০ সালের ৮ আগস্ট রাজধানীর তেজগাঁও থানায় আরও একটি মামলা করে দুদক।
মামলার রায় অরফানেজ ৮ ফেব্রুয়ারি জিয়া ট্রাস্ট 2018-01-25