Don't Miss
Home / আজকের সংবাদ / ট্রাম্পের প্রধান পরামর্শক স্টিভ ব্যাননের পদত্যাগ

ট্রাম্পের প্রধান পরামর্শক স্টিভ ব্যাননের পদত্যাগ

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান পরামর্শক স্টিভ ব্যানন পদত্যাগ করেছেন। হোয়াইট হাউসের একটি সূত্র বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেছে।

বিবিসির খবরে বলা হয়, স্টিভ ব্যাননের পদ নিয়ে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ জন কেলি পর্যালোচনা করছিলেন। এমন পরিস্থিতিতে ব্যানন নিজেই পদত্যাগ করলেন। ট্রাম্প ক্ষমতায় আসার পর হোয়াইট হাউসে ‘প্রধান পরামর্শক’ পদ সৃষ্টি করে ব্যাননকে নিয়োগ দেন।

সিএনএনের খবরে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্সের বরাত দিয়ে বলা হয়, ‘জন কেলির সঙ্গে ব্যাননের বোঝাপড়ার মধ্য দিয়ে ঠিক হয়েছে (স্থানীয় সময় আজ শুক্রবার) হোয়াইট হাউসে ব্যাননের শেষ দিন। ব্যাননের এত দিনের কাজের জন্য আমরা তাঁর কাছে কৃতজ্ঞ। ব্যাননের মঙ্গল কামনা করছি।’ ব্যানন পদত্যাগ করেছেন নাকি তাঁকে বরখাস্ত করা হয়েছে—তা অবশ্য নিশ্চিত করেননি স্যান্ডার্স।

ট্রাম্পের ভোটের প্রচারে ‘আমেরিকা ফার্স্ট’ দর্শনকে একটি আকৃতি দেওয়ার ক্ষেত্রে ব্রাইবার্ট নিউজ নেটওয়ার্কের সাবেক নির্বাহী চেয়ারম্যান ডানপন্থি জাতীয়তাবাদী নেতা বলে পরিচিত ব্যাননের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

তবে ব্যানন এন্টি সেমেটিক ও শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীদের পৃষ্ঠপোষকতা করছেন বলে অভিযোগ ছিল সমালোচকদের।

শেষ পর্যন্ত হোয়াইট হাউসের চিফ অব স্টাফ জন কেলির সঙ্গে আলোচনা করে চিফ স্ট্র্যাটেজিস্টের পদ ছাড়তে হল ব্যাননকে।

স্টিভ ব্যানন হোয়াইট হাউসের অন্য পরামর্শক এবং ট্রাম্প পরিবারের সঙ্গে ক্ষমতার দ্বন্দ্বে জড়িয়েছেন বলে খবর আসছিল আমেরিকার সংবাদ মাধ্যমগুলোতে।

এই গুঞ্জন গত সপ্তাহে আরও উসকে দেন ট্রাম্প নিজেই; এক সাংবাদিক ব্যাননের বিষয়ে জানতে চাইলে তিনি বলেছিলেন, ‘আমরা দেখব’।

তবে উদারপন্থি হিসেবে পরিচিত ম্যাগাজিন আমেরিকান প্রসপেক্ট-এ চলতি সপ্তাহে ব্যাননের একটি সাক্ষাৎকার ছাপা হাওয়ার পর তার বরখাস্ত হওয়ার বিষয়টি অবধারিত হয়ে ওঠে।

ওই সাক্ষাৎকারে ব্যানন দাবি করেন, স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তাদের বরখাস্ত করার ক্ষমতাও তার রয়েছে। আর উত্তর কোরিয়ার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থানের সঙ্গে তিনি একমত নন।

রয়টার্স লিখেছে, ওই সাক্ষাৎকার যে একজন সাংবাদিককে দিচ্ছেন, তা বুঝতে পারেননি বলে ব্যানন তার ঘনিষ্ঠজনদের কাছে দাবি করেছেন। তার ধারণা ছিল, তিনি কোনো অ্যাকাডেমিকের সঙ্গে কথা বলেছেন এবং পুরো বিষয়টি ছিল ‘অফ দ্য রেকর্ড’।

x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...