Don't Miss
Home / আজকের সংবাদ / ত্রিনবাগোকে হারিয়ে ফাইনালে সেন্ট কিটস

ত্রিনবাগোকে হারিয়ে ফাইনালে সেন্ট কিটস

এনএনএ স্পোর্টস ডেস্ক : ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) বাংলাদেশ সময় আজ বুধবার সকালে ত্রিনবাগো নাইট রাইডার্সকে ৩৮ রানে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় সেন্ট কিটস। এক বছরের ব্যবধানে কী পরিবর্তন! গত বছর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) টেবিলের তলানির দল হিসেবে শেষ করেছিল সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস। এক বছর পর সেই দলটিই সবার আগে ফাইনালে জায়গা করে নিল।

ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে ক্রিস গেইলের দায়িত্বশীল হাফসেঞ্চুরিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৯ রানের মাঝারি মানের সংগ্রহ গড়ে সেন্ট কিটস। জবাবে ব্যাটিংয়ে নেমে তিন বল বাকি থাকতেই ১১১ রানে গুটিয়ে যায় ত্রিনবাগো নাইট রাইডার্স।

হেরে গেলেও ফাইনালে যাওয়ার সুযোগ থাকছে ত্রিনবাগোর সামনে। গায়ান অ্যামাজন ওয়ারিয়র্স ও জ্যামাইকা তালাওয়াসের মধ্যকার এলিমিনেটর ম্যাচে জয় পাওয়া দলের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে ত্রিনবাগো। সেই ম্যাচে জিততে পারলে ফাইনালে গেইলদের সঙ্গী হবে ত্রিনবাগো।

ইনিংসের প্রথম ওভারে আম্পায়ারের বদান্যতায় লেগ বিফোর আউট থেকে বেঁচে যাওয়া গেইল সেন্ট কিটসের হয়ে ৫১ বলে তিনটি করে চার-ছক্কায় ৫৪ রানের অপরাজিত ইনিংস খেলেন। এছাড়া ব্রান্ডন কিংয় ৩০ ও মোহাম্মদ হাফিজ করেন ২১ রান।

ত্রিনবাগোর হয়ে ডোয়াইন ব্রাভো সর্বোচ্চ চারটি উইকেট নেন। এছাড়া রনশফোর্ড বিটন দুটি ও কেভন কুপার নেন একটি উইকেট।

১৫০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে সেন্ট কিটস বোলার শেল্ডন কট্রেল ও বেন হিলফেনহাসদের বোলিং তোপে পড়ে ১১১ রানে গুটিয়ে যায় ত্রিনবাগো নাইট রাইডার্স। দলটির হয়ে ড্যারেন ব্রাভো ২৯, ডোয়াইন ব্রাভো ২৪ এবং দিনেশ রামদিন করেন ১৯ রান।

সেন্ট কিটসের হয়ে কট্রেল সর্বোচ্চ তিনটি উইকেট নেন। একটি করে উইকেট নেন হিলফেনহাস, হাফিজ, গেইল, কার্লোস ব্রাফেট ও তাবরাইজ শামসি।

এই নিয়ে টানা দ্বিতীয় ফাইনাল খেলছেন গেইল। গত বছর জ্যামাইকা তালাওয়াসকে শিরোপা জিতিয়েছিলেন তিনি। প্রথমবারের মতো ফাইনালে ওঠা সেন্ট কিটস এবার গেইলকে ঘিরেই শিরোপার স্বপ্ন বুনছে।

x

Check Also

লাভজনক হয়েও ১০১ কোটি টাকা পরিশোধে বিএসসির গড়িমসি, বিপাকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম প্রতিনিধি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হওয়া সত্ত্বেও বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) এখনো ১০১ কোটি টাকার ...