Don't Miss
Home / আজকের সংবাদ / নাসিক নির্বাচনে বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন

নাসিক নির্বাচনে বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন

এমএনএ রিপোর্ট : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে জাতীয়তাবাদী জেলা আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে বিএনপি।

আজ মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ একথা জানান।

তিনি বলেন, ‘সাখাওয়াত হোসেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী। দলের সবাইকে তার পক্ষে কাজ করার জন্য কেন্দ্র থেকে বলা হয়েছে।’

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি সাখাওয়াতকে এ নির্বাচনে লড়তে হবে বর্তমান মেয়র ও ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে।

আগামী ২২ ডিসেম্বর ভোট হবে রাজধানীর লাগোয়া এই সিটি করপোরেশনে।

sakhawat-hossain-khan

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সাখাওয়াত নারায়ণগঞ্জের চাঞ্চল‌্যকর সাত খুনের ঘটনায় নিহত আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পালের পক্ষে মামলা লড়ার কারণে গত দুই বছরে পরিচিতি পেয়েছেন।

বর্তমান মেয়র আইভী ২০১১ সালের নির্বাচনে স্থানীয় ও কেন্দ্রীয় অনেক নেতার বিরোধিতার মধ্য প্রার্থী হয়েছিলেন। নির্বাচনে তিনি হারিয়েছিলেন দলের আরেক প্রভাবশালী নেতা এ কে এম শামীম ওসমানকে।

গত শুক্রবার আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচনের মনোনয়ন বোর্ড আইভীকে আবারও মেয়র পদে মনোনয়ন দেয়।

গত নির্বাচনে মেয়র পদে তৈমুর আলম খন্দকারকে বিএনপি সমর্থন দিলেও ভোটের আগের রাতে তাকে সরে দাঁড়াতে বলা হয়। দলের ওই সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন সময়ে মনোকষ্টের কথা বলেছেন জেলা বিএনপির সভাপতি তৈমুর।

এবারের নির্বাচনেও বিএনপি তাকে প্রার্থী করার আগ্রহ দেখিয়েছিল। কিন্তু গতবারের অভিজ্ঞতার কথা মনে করিয়ে দিয়ে অনীহা প্রকাশ করেন তৈমুর।

মনোনয়ন চূড়ান্ত করার আগে সোমবার রাতে মনোনয়নপ্রত‌্যাশী এবং নারায়ণগঞ্জের নগর-জেলা-থানা-ওয়ার্ড নেতাদের সঙ্গে বসে তাদের মতামত শোনেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

গুলশানে কার্যালয়ে ওই বৈঠকে জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার, সাধারণ সম্পাদক কাজী মুনির, সহসভাপতি সাখাওয়াত হোসেন খান, সাবেক সাংসদ আবুল কালাম, আতাউর রহমান আঙ্গুর, মহানগর সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক এটিএম কামাল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি অধ্যাপক মামনুর রশীদ উপস্থিত ছিলেন।

রাতের ওই বৈঠকের পর শীর্ষ নেতৃত্ব যে সিদ্ধান্ত দেয়, মঙ্গলবার তা সংবাদ সম্মেলনে প্রকাশ করেন রুহুল কবির রিজভী।

bnp-2অন‌্যদের মধ‌্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, শহিদুল ইসলাম বাবুল, মুনির হোসেন, বেলাল আহমদে, আমিরুল ইসলাম খান আলিম, সাইফুল ইসলাম পটু সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সেখানে জেলা নেতাদের মতামত নেয়ার পর তাদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন খালেদা জিয়া। এ সময় তিনি বলেন, দল থেকে যাকেই মনোনয়ন দেয়া হবে তার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

প্রার্থীর পক্ষে কাজ করেননি কারও বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও হুশিয়ারি দেন তিনি।

মূলত বৈঠকেই সাখাওয়াতের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়। আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল।

সাখাওয়াত ছাড়া নাসিকে মনোনয়ন পেতে চেষ্টা করেছিলেন সাবেক সংসদ সদস্য আবুল কালাম ও নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ভোট গ্রহণ হবে আগামী ২২ ডিসেম্বর। নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ২৪ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই ও বাছাই করা হবে ২৬ ও ২৭ নভেম্বর। নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় আগামী ৪ ডিসেম্বর।

এটি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের দ্বিতীয় নির্বাচন। তবে দলীয়ভাবে প্রথম মেয়র পদে নির্বাচন হচ্ছে। ইতিমধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ বর্তমান মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে মেয়র পদে মনোনয়ন দিয়েছে। গতবার তিনি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শামীম ওসমানকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন।

ট্যাগ : নাসিক নির্বাচনে, বিএনপির প্রার্থী, সাখাওয়াত হোসেন
x

Check Also

বগুড়ার উন্নয়ন নিয়ে যখন কাজ শুরু করেছি, তখন নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বগুড়া প্রতিনিধি বগুড়া জেলা গত ২০ বছর উন্নয়ন বঞ্চিত ছিল। এখন এই বগুড়ার উন্নয়ন নিয়ে ...