এমএনএ বিনোদন ডেস্ক : নতুন পেশায় আসছেন হালের আলোচিত নায়িকা পরীমনি। যে পেশার লোকেরা তার ব্যক্তিগত জীবন, বিয়ে নিয়ে খুব বেগ দিয়েছেন, সেই পেশাই বেছে নিতে যাচ্ছেন তিনি। এটি যেনতেন কোনো পেশা নয়, রীতিমত চ্যালেঞ্জিং পেশা সাংবাদিকতা।
তবে বাস্তবে নয়, রুপালী পর্দায় ঢাকায় ছবির এই নায়িকা অভিনয় করবেন টিভি সাংবাদিকের ভূমিকায়।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ‘দেশা দ্য লিডার’ ছবির নির্মাতা সৈকত নাসিরের দ্বিতীয় ছবি ‘পাষাণ’- এ তাকে সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে। ভিজ্যুয়ালাইজারের ব্যানারে নির্মিত হবে পাষাণ। ছবির গল্প ভাবনা ও চিত্রনাট্য সৈকত নাসির নিজেই করেছেন।
জুলাইয়ের শেষ সপ্তাহ নাগাদ ছবির শুটিং শুরু হতে পারে। ছবির সিকোয়েন্সগুলোর শুটিং হবে বাংলাদেশে। আর গানগুলোর শুটিং হবে বাইরের দেশে। ছবিতে যেমন রোমান্সে দেখা মিলবে পরীমনির। তেমনি পর্দা কাঁপাবেন অ্যাকশনে।
তবে পরীমনির বিপরীতে কে অভিনয় করবেন, তা এখনও ঠিক হয়নি।
ছবিটি সম্পর্কে নির্মাতা সৈকত নাসির জানান, ইতিমধ্যে পাষাণে চুক্তিবদ্ধ হয়েছেন পরীমনি। ছবিতে তাকে খুব সাহসী ও চঞ্চল মেয়ে হিসেবে তুলে ধরা হবে। যে কাজের জায়গা থেকে কাউকে পরোয়া করে না। এ কারণে সাংবাদিক হিসেবে সে বেশ নাম কুড়ায়। চরিত্রটির সঙ্গে পরীমনিকেই ভালো মানাবে।
পরীমনি বলেন, ক্যারিয়ারে এই প্রথম সাংবাদিক চরিত্রে অভিনয় করতে যাচ্ছে। ছবির জন্য নিজেকে প্রস্তুত করেই ক্যামেরার সামনে দাঁড়াব। আশা করি, সাংবাদিক হিসেবে নিজেকে তুলে ধরতে পারব।
‘অন্তর জ্বালা’সহ বেশ কিছু ছবি নিয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন পরীমনি। এর সঙ্গে কিছুদিন আগে জাজ মাল্টিমিডিয়ার ‘রক্ত’ শিরোনামের নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

