Don't Miss
Home / নগর-মহানগর / প্রথম কর্মদিবসে রাজধানীতে যানবাহনের চাপ বৃদ্ধি, দীর্ঘ যানজট

প্রথম কর্মদিবসে রাজধানীতে যানবাহনের চাপ বৃদ্ধি, দীর্ঘ যানজট

বিশেষ প্রতিবেদন

সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার রাজধানীতে স্বাভাবিকের তুলনায় যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। সকালে অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ধীরগতির যান চলাচল ও দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ সংযোগস্থলগুলোতে তীব্র চাপ লক্ষ্য করা যায়।

সকাল ১০টার দিকে বিমানবন্দর সড়কের রেডিসন ব্লু হোটেল সংলগ্ন অংশে যান চলাচল ছিল অত্যন্ত ধীরগতির। নর্দা, শাহজাদপুর ও নতুন বাজার এলাকায় একাধিক সিগন্যাল পয়েন্টে যানবাহন দীর্ঘ সময় আটকে থাকতে দেখা যায়। একই সময়ে গরম আবহাওয়ার কারণে যাত্রী ও পরিবহন শ্রমিকদের ভোগান্তিও বেড়ে যায়।

বাড্ডা লিংক রোড ও উত্তর বাড্ডা এলাকায় পেট্রোল পাম্প সংলগ্ন অংশে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির অনিয়ন্ত্রিত অবস্থান সড়কের একটি অংশ সংকুচিত করে ফেলে। এতে স্থানীয়ভাবে যান চলাচল ব্যাহত হয়ে আংশিক যানজটের সৃষ্টি হয়। এলাকাবাসী ও যাত্রীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়ক খোঁড়াখুঁড়ি এবং অবকাঠামোগত কাজ চলমান থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

উত্তর বাড্ডায় কর্মস্থলে যাচ্ছিলেন চাকরিজীবী আয়নাল হোসেন। তিনি জানান, প্রায় এক মাস ধরে এই এলাকায় যানজটের মাত্রা বেড়েছে। সড়ক দখল, তেলের লাইনের জন্য স্থায়ী জটিলতা এবং ওয়াসার কাজের কারণে স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। তেজগাঁও এলাকার তেজকুনিপাড়া থেকে বাড্ডা পর্যন্ত আসতে তার প্রায় ২–৩ ঘণ্টা সময় লেগে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

তবে বাড্ডা থেকে রামপুরা, মালিবাগ, কাকরাইল রুটে তুলনামূলকভাবে যান চলাচল স্বাভাবিক থাকলেও গাড়ির চাপ বেশি ছিল। দুপুরের পর মতিঝিল, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, নিউমার্কেট, মালিবাগ ও মগবাজারে তীব্র যানজটের সৃষ্টি হয়। একই সঙ্গে বাংলামোটর, শাহবাগ, পল্টন ও বায়তুল মোকাররম এলাকায় দীর্ঘ সময় যানবাহন স্থবির হয়ে থাকতে দেখা যায়, ফলে অফিসগামী ও সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

ট্রাফিক বিভাগ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সপ্তাহের শুরুতে একসঙ্গে বিপুল সংখ্যক অফিসগামী ও শিক্ষার্থী রাস্তায় নামায় যানবাহনের চাপ বেড়ে যায়। পাশাপাশি কিছু স্থানে অবৈধ পার্কিং, রাস্তার কাজ এবং অপ্রতুল ট্রাফিক ব্যবস্থাপনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

ফলে রাজধানীর প্রধান সড়কগুলোতে দিনের বেশিরভাগ সময়ই যানবাহন ধীরগতিতে চলাচল করে এবং বিভিন্ন পয়েন্টে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

x

Check Also

আনসার বাহিনীর জাতীয় সমাবেশ ও প্রধানমন্ত্রীর দরবার কর্মসূচিতে বিশৃঙ্খলা, তিন আনসার সদস্য গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ ও প্রধানমন্ত্রীর দরবার কর্মসূচিকে ...