প্রধান বিচারপতির ছুটি নজিরবিহীন ঘটনা : জয়নুল আবেদীন
Posted by: News Desk
October 3, 2017
এমএনএ রিপোর্ট : প্রচন্ড চাপে প্রধান বিচারপতির ছুটি নজিরবিহীন ঘটনা বলে উল্লেখ করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন। এ বিষয়ে আলোচনার জন্য আজ মঙ্গলবার বিকেল ৩টায় জ্যেষ্ঠ আইনজীবীদের নিয়ে পুনরায় বৈঠক করবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, ‘আমরা মনে করি প্রধান বিচারপতি ছুটিতে যাননি। তার উপর প্রচণ্ড চাপ তৈরি করে তাকে ছুটিতে যেতে বাধ্য করা হয়েছে।’
আজ মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন জয়নুল আবেদীন। এসময় সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় কমিটির ১৪ সদস্যের মধ্যে ১৩ জন যোগ দেন।
সকাল সাড়ে ৯টা থেকে ঘণ্টাব্যাপী সমিতির সম্মেলন কক্ষে ওই সভা চলে। সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, গতকাল (সোমবার) আমরা প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। কিন্তু তিনি সকালে এসে আমাদের সঙ্গে দেখা না করেই ছুটির দরখাস্ত দিয়ে দুপুর ১টার সময় আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন। অথচ এর আগে তিনি চিঠি দিয়ে বলেছিলেন, আদালত খোলার দিন আমাদের সঙ্গে মতবিনিময় করবেন।

তিনি বলেন, অতীতের রেকর্ড বলে কোনো প্রধান বিচারপতি দাওয়াত দিয়ে এভাবে ছুটি নিয়ে চলে যাননি। এর আগে সাবেক প্রধান বিচারপতি ফজলুল করিম এভাবে দাওয়াত দিয়েছিলেন। অসুস্থ হওয়ায় তিনি হুইল চেয়ারে এসে আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।
‘দেশ জানে, জাতি জানে, সারা পৃথিবী জানে একটি রায়ের পর সরকার প্রধান বিচারপতির ওপর চাপ প্রয়োগ করে যাচ্ছে। যাতে তিনি পদত্যাগ করেন। তিনি ছুটিতে যাননি, ছুটিতে যেতে তাকে বাধ্য করা হয়েছে। এজন্য তার সঙ্গে দেখা করে জানার অধিকার রয়েছে আমাদের। এ বিষয়ে আমরা কী কী পদক্ষেপ নিতে পারি এজন্য বিকাল ৩টায় সমিতির সিনিয়র আইনজীবীদের এবং সমিতির সাবেক সভাপতি ও সম্পাদকদের সঙ্গে বৈঠক করব।’
আজ মঙ্গলবার থেকে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ছুটিতে যাওয়ায় আপিল বিভাগের প্রবীণতম বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।
এদিকে মঙ্গলবার সকাল ৯টা ৫ মিনিটে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ১ নম্বর কোর্টের বিচার কার্যক্রম শুরু হয়। প্রায় এক ঘণ্টা ধরে চলে বিচার কার্যক্রম।
গতকাল সোমবার এক মাসের ছুটি চেয়ে রাষ্ট্রপতি বরাবর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ছুটির আবেদন করেন। পরে রাতে সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞাকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার।
জয়নুল আবেদীন প্রধান ছুটি নজিরবিহীন বিচারপতির ঘটনা 2017-10-03