Don't Miss
Home / আজকের সংবাদ / ফেনীতে ৬ লেনের ফ্লাইওভার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ফেনীতে ৬ লেনের ফ্লাইওভার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এমএনএ রিপোর্ট : ফেনীতে মহিপালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আজ বৃহস্পতিবার দেশের প্রথম ও একমাত্র ছয় লেনের ফ্লাইওভার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দুপুর সাড়ে ১২টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এই ফ্লাইওভার উদ্বোধন করেন। এরপরই যানবাহন চলাচলের জন্য ফ্লাইওভারটি খুলে দেওয়া হয়।
সকাল থেকে উদ্বোধনের অপেক্ষায় ফ্লাইওভারের দক্ষিণ-পূর্ব প্রান্তে কয়েক হাজার মানুষ জড়ো হয়।
মহিপাল উড়াল সেতু ছয় লেনের হলেও দুপাশে দুই লেন করে সার্ভিস লেন চালু থাকবে। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট মহিপালে বস্তুত ১০ লেন সড়কই হচ্ছে।
এই ফ্লাইওভার উদ্বোধনের ফলে ফেনী হয়ে ঢাকা, কুমিল্লা, চাঁদপুর, চট্টগ্রাম, পার্বত্য তিন জেলা, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, বরিশাল, ফরিদপুর, সিলেট অঞ্চলে যাতায়াতকারী বিভিন্ন যানবাহন নিয়মিত যানজটের কবল থেকে মুক্তি পাবে, স্বস্তি পাবেন যাত্রীরাও।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মহিপাল এলাকাটি যাত্রীদের জন্য দুঃখের এলাকা ছিল। এখানে সব সময় যানজট লেগেই থাকতো। আজ থেকে যাত্রীদের সেই দুঃখের অবসান হলো। যাত্রীরা এখন থেকে কোনো প্রকার ভোগান্তি ছাড়াই গন্তব্যস্থলে যাতায়াত করতে পারবে। তিনি বলেন, দেশের মানুষ যেন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত করতে পারে সেজন্য সরকার সব ব্যবস্থা করছে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও সেনাবাহিনীর প্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হক অনুষ্ঠানে বক্তব্য রাখেন। মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম অনুষ্ঠানে প্রকল্পের পরিচিতি তুলে ধরেন।
প্রধানমন্ত্রী বলেন, এই এলাকার স্থানীয় লোকজন যাতে আলাদাভাবে যাতায়াত করতে পারে সে ব্যবস্থাও নেয়া হযেছে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রকল্পটি নিদিষ্ট মেয়াদের ৬ মাস আগেই সমাপ্ত হওয়ায় তিনি সেনাবাহিনীর প্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হকসহ সকল সদস্যকে ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রী বলেন, দেশে যাত্রী বাড়ছে, যানবাহন বাড়ছে, গাড়িও বাড়ছে। ভবিষ্যতেও বাড়বে। এটা মাথায় রেখেই আমরা এ ফ্লাইওভার নির্মাণ করেছি। এ ফ্লাইওভারকে ঘিরে মানুষের দ্রুত যাতায়াত বৃদ্ধি পাবে। ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। এলাকার মানুষের অর্থনৈতিক উন্নয়ন সাধিত হবে। মানষের সুদিন ফিরবে। এছাড়া দুর্ঘটনাও কমে যাবে। অতীতে এই এলাকাটিতে প্রায়ই দুর্ঘটনা ঘটতো।
শেখ হাসিনা বলেন, ক্ষুধা মুক্ত, দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষে আমরা কাজ করে যাচ্ছি। ২০২০ সালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করা হবে। এ সময়ে তার সোনার বাংলার স্বপ্ন যেন বাস্তবায়ন করতে পারি। আর ২০৪১ সালে বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার উন্নত সমদ্ধৃ দেশ, সেলক্ষ্য নিয়ে কাজ আমরা করছি। আশা করি আমরা সফল হবো।
সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, মহিপাাল ফ্লাইওভার ছয় লেনের হলেও সেতুর নিচের দুই পাশে আরও চারটি সার্ভিস লেন চালু থাকবে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট মহিপালে ১০ লেন সেতুই হচ্ছে। এই প্রকল্পে মোট ব্যয় হয়েছে ১৮১ কোটি ৪৮ লাখ টাকা। সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন বিভাগ ও মেসার্স আবদুল মোনেম লিমিটড প্রকল্পটি বাস্তবায়ন করছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৫ সালের ১ এপ্রিল ফ্লাইওভার প্রকল্পের কাজ শুরু হয়। ২০১৮ সালের ৩০ জুন কাজ সম্পন্ন করার কথা থাকলেও সেনাবাহিনীর তত্ত্বাবধানে ছয় মাস আগেই কাজটি সম্পন্ন হয়েছে। ফ্লাইওভারের মূল দৈর্ঘ্য ৬৬০ মিটার, প্রস্থ ২৪ দশমিক ৬২ মিটার, সার্ভিস রোডের দৈর্ঘ্য এক হাজার ৩৭০ মিটার, সার্ভিস রোডের প্রস্থ ৭ দশমিক ৫ মিটার, সংযোগ সড়কের দৈর্ঘ্য ১ হাজার ১৬০ মিটার, ১১টি স্প্যান, ফুটপাথের দৈর্ঘ্য ২ হাজার ২১০ মিটার, পিসি গার্ডার ১৩২টি।
সেনাবাহিনীর নির্মাণ ৩৪ কনস্ট্রাকশন ব্রিগেডের তত্ত্বাবধানে ঠিকাদারি প্রতিষ্ঠান আবদুল মোনেম লিমিটেড মহিপাল ফ্লাইওভারের নির্মাণ কাজ করেছে। ব্যয় হয়েছে ১৮১ কোটি ৪৮ লাখ টাকা।
ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ছয় লেন ফ্লাইওভার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী-২ (সদর) আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী, সংরক্ষিত আসনের নারী সাংসদ জাহান আরা বেগম, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আবদুল মান্নান, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মনির উজজামান, সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল আহমেদ জামিউল ইসলাম, জেলা প্রশাসক মনোজ কুমার রায়, পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, বিভিন্ন বিভাগের কর্মকর্তা, ব্যবসায়ী সংগঠন ও পরিবহন সমিতিসহ বিভিন্ন শ্রেণিপেশার নেতারা।
x

Check Also

অনগ্রসর এলাকায় শিক্ষার সুযোগ বাড়ালে বিকশিত হবে সুপ্ত প্রতিভা: জুবাইদা রহমান

শিক্ষাঙ্গন প্রতিবেদক দেশের প্রত্যন্ত ও অনগ্রসর অঞ্চলে শিক্ষার সুযোগ আরও সম্প্রসারণ করা গেলে সেখানে লুকিয়ে ...