Don't Miss
Home / আজকের সংবাদ / ফের জাবির উপাচার্য হলেন অধ্যাপক ফারজানা ইসলাম

ফের জাবির উপাচার্য হলেন অধ্যাপক ফারজানা ইসলাম

এমএনএ রিপোর্ট : দেশের প্রথম নারী উপাচার্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামকে আগামী চার বছরের জন্য ফের নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।
গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রপতি ও আচার্য অ্যাডভোকেট আবদুল হামিদ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন বলে জানা গেছে।
একটি সূত্র জানিয়েছে, অধ্যাপক ফারজানা ইসলামকে দ্বিতীয় মেয়াদের দায়িত্ব দিয়ে রাষ্ট্রপতি ফাইলে স্বাক্ষর করেছেন বলে উপাচার্য শুনেছেন। বিষয়টি নিশ্চিত করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান তাকে অভিনন্দন জানিয়েছেন। তবে উপাচার্য চিঠির অনুলিপি হাতে পাননি। আগামী রোববার হাতে পেতে পারেন।
দ্বিতীয় মেয়াদে উপাচার্য নির্বাচিত হওয়ার খবরে গতকাল দুপুর থেকে বিভিন্ন মহলের ব্যক্তিরা তাঁকে শুভেচ্ছা জানান। এর আগে ২০১৪ সালের ২ মার্চ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৮তম উপাচার্য হিসেবে নিয়োগ পান তিনি। আগামী ২ মার্চ তার মেয়াদ শেষ হবে। এর আগেই অধ্যাপক ফারজানা ইসলাম রাষ্ট্রপতি কর্তৃক পুনরায় নিয়োগ পেলেন।
এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুযায়ী উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামকে ২১ দিনের মধ্যে সিনেটের বিশেষ তলবি সভা ডাকার জন্য লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিকের মাধ্যমে উপাচার্যকে এই লিগ্যাল নোটিশ দেন।
লিগ্যাল নোটিশে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামকে গতকাল বৃহস্পতিবারের মধ্যে সিনেটের বিশেষ তলবি সভার তারিখ ঘোষণার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে। গত ৫ ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুযায়ী উপাচার্য নিয়োগের জন্য সিনেট সদস্য কর্তৃক তিন সদস্যের প্যানেল মনোনয়নের জন্য উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামকে চিঠি দেন বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সিনেটের ৩১ জন এবং নবনির্বাচিত সিনেটের ১৮ জন সিনেট সদস্য।
তবে চিঠি পাওয়ার পর ইতিমধ্যে ১০ দিন অতিবাহিত হলেও তলবি সভার তারিখ ঘোষণা না করায় উপাচার্যকে এই লিগ্যাল নোটিশ দেওয়া হয়।
অধ্যাপক শরীফ এনামুল কবির বলেন, আমরা উপাচার্যকে তলবি সভা ডাকতে বলেছিলাম কিন্তু তিনি ডাকেননি।
এ বিষয়ে জানতে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।
উল্লেখ্য, ড. ফারজানা ইসলাম ১৯৫৮ সালের ২৫ ডিসেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন। তার গ্রামের বাড়ি শরিয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার আরশি নগর গ্রাম।
তিনি ১৯৭৩ সালে ধানমন্ডি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় থেকে প্রথম বিভাগে এসএসসি, ১৯৭৫ সালে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা মহাবিদ্যালয় থেকে প্রথম বিভাগে এইচএসসি পাস করেন।
১৯৭৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে তিনি বিএসএস (সম্মান) পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম হয়ে এবং পরবর্তী বছর ১৯৮০ সালে এমএসএস (স্নাতকোত্তর) পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম হন।
তিনি ১৯৮২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগে প্রভাষক পদে যোগদান করেন। ১৯৮৬ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে প্রভাষক পদে যোগ দেন এবং ২০০৬ সালে তিনি অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। ২০০১ সালে ইংল্যান্ডের সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন অধ্যাপক ড. ফারজানা ইসলাম।
x

Check Also

লেবানন-ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ...