আন্তর্জাতিক ডেস্ক
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণে প্রয়োজনীয় জমি আগামী ৪৫ দিনের মধ্যে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে হস্তান্তর করা হবে। শপথ গ্রহণের পর অনুষ্ঠিত নতুন সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গের বিজেপি সরকার মোট ছয়টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে। এর মধ্যে সীমান্ত নিরাপত্তা জোরদার এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশ সীমান্তসংলগ্ন এলাকায় বেড়া নির্মাণের জন্য বিএসএফকে জমি বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্তটি বিশেষভাবে আলোচনায় এসেছে।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি ছিল বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত করে ফেরত পাঠানো। দলটি দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিল, সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার সীমান্ত নিরাপত্তা জোরদারে কার্যকর পদক্ষেপ নেয়নি।
বিজেপির দাবি, সীমান্ত ব্যবস্থাপনার দুর্বলতার সুযোগে বাংলাদেশ থেকে অনেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে এবং রাজনৈতিক স্বার্থে তাদের পরিচয় গোপন রেখে পশ্চিমবঙ্গে বসবাসের সুযোগ দেওয়া হয়েছে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

