Don't Miss
Home / আজকের সংবাদ / বেসরকারি মেডিকেলের শিক্ষার মানে নজর দিতে হবে : প্রধানমন্ত্রী

বেসরকারি মেডিকেলের শিক্ষার মানে নজর দিতে হবে : প্রধানমন্ত্রী

এমএনএ রিপোর্ট : বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার মানের দিকে নজর দেয়ার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের প্রাইভেট সেক্টর এগিয়ে আসছে। সেখানেও তারা মেডিকেল কলেজ করছে। তবে সেখানে আমি বলব, আরেকটু নজর দেয়ার দরকার যে, তাদের শিক্ষার মানটা ঠিকমতো আছে কিনা।
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আজ রবিবার সকালে চিকিৎসক ও নার্সদের একটি আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন (বিএসসিসিএম) এবং বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার নার্সিংয়ের যৌথ উদ্যোগে ১০ দিনব্যাপী তৃতীয় আন্তর্জাতিক সম্মেলন (ক্রিটিকন-থ্রি) উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
দেশে এখন বেসরকারি পর্যায়ে ৬৯টি মেডিকেল কলেজ রয়েছে। সরকারি-বেসরকারি মিলে ডেন্টাল কলেজের সংখ্যা ২৮টি। দেশে মোট সরকারি মেডিকেল কলেজের সংখ্যা ৩৬টি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের খ্যাতিমান চিকিৎসকদের বই লেখার তাগিদ দিয়ে বলেন, আমাদের ভালো ভালো ডাক্তাররা এত নামকরা হয়ে যান, কিন্তু বই লেখেন না। লেখাটেখা একটু কম হচ্ছে। মেডিকেল সায়েন্স অনেক এগিয়ে যাচ্ছে। আর এই বই এত দামি। কারও পক্ষে তো এভাবে কেনা সম্ভব না।
প্রত্যেক মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের জন্য পাঠাগারের একান্ত প্রয়োজনীয়তার কথা তুলে ধরে এ জন্য চিকিৎসকদের পেশাজীবী সংগঠনগুলোকে ও স্বাস্থ্য মন্ত্রণালয়কে উদ্যোগ নেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
যুগোপযোগী স্বাস্থ্যনীতি প্রণয়ন এবং গত ৯ বছরে ১২ হাজার ৭২৮ জন সহকারি সার্জন এবং ১১৮ জন ডেন্টাল সার্জন, মাঠ পর্যায়ে ১৩ হাজার স্বাস্থ্যকর্মী ও প্রায় সাড়ে ১২ হাজার নার্স নিয়োগ দেওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের কিন্তু ডাক্তারের অভাব। একজন ডাক্তারকে এত রোগী দেখতে হয় যে, এটি আসলে মানুষের পক্ষে সম্ভব কিনা। রোগীর আসলে মুখের কথায় অর্ধেক রোগ ভালো হয়ে যেতে পারে; এটি হল বাস্তব কথা… তাদের ভেতরে একটি কনফিডেন্স এনে দেওয়া।
ঢাকাসহ বিভিন্ন জেলায় ২৪টি সরকারি হাসপাতাল নির্মাণ এবং সরকারি হাসপাতালগুলোতে প্রায় সাড়ে ৮ হাজার শয্যা বৃদ্ধির কথা মনে করিয়ে দিয়ে শেখ হাসিনা বলেন, তারপরও কিন্তু, আমাদের শয্যার অভাব আছে।
সেবিকাদের মর্যাদা দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করার কথা মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, আমি চাই- আমাদের নার্সিংটাও যে একটা মর্যাদাপূর্ণ পেশা… মানে, মানবতার সেবামূলক পেশা; এই জিনিসটি যেন মানুষের মধ্যে উপলব্ধি হয়। আমাদের দেশে তো অনেক সময় নিচু চোখেই দেখা হতো। অথচ পৃথিবীতে নার্সিংটা অনেক বেশি মর্যাদা পায়।
মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, আমাদের ডাক্তারদের আরো উচ্চশিক্ষার জন্য আমরা বিদেশে পাঠাতে চাই। আমার এটাই প্রশ্ন; যদি অন্য দেশ পারে, তো আমি পারবো না কেন? কেন পিছিয়ে থাকবে আমার দেশ? আমাদের কী মেধার অভাব আছে? না। আমাদের কী জ্ঞানের অভাব আছে? না। আমাদের সুযোগের অভাব ছিল।
সম্প্রতি সিঙ্গাপুর সফরে সেদেশের সরকার প্রধানের সঙ্গে উন্নত চিকিৎসার বিষয়ে যে কথা হয়েছে, তাও উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ডাক্তারদের ট্রেনিং অবশ্যই দরকার। আমি যখন এবার সিঙ্গাপুরের প্রাইম মিনিস্টারের সাথে কথা বললাম.. আমি বললাম, আচ্ছা আপনাদের ম্যাজিকটা কী বলেন তো? রুগী আমাদের ওখানে ক্রিটিক্যাল, আর আপনাদের এখানে আসলে ভালো হয়ে যায়। আপনারা কী করেন? কীভাবে ভালো করেন? আমাকে একটু জানতে দেন। আমি জানতে চাই।
জটিল রোগীদের সেবা দিতে চিকিৎসকদের আরও সতর্ক থাকার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। আত্মীয়স্বজন, রাজনীতিবিদ ও সংবাদকর্মীদের জন্য আইসিইউয়ে থাকা রোগীদের সেবায় যাতে বিঘ্ন না ঘটে সে বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
বিএসসিসিএমের সভাপতি ইউএইচ সাহেরা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্যসচিব এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ছাড়াও এই সংগঠনের মহাসচিব এএসএফ আরিফ আহসান বক্তব্য দেন।
স্বাগত বক্তব্য দেন ক্রিটিকন থ্রির সভাপতি মির্জা নাজিমউদ্দিন।

 

x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...