Don't Miss
Home / আজকের সংবাদ / যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহে স্বাধীনতা দিবসের উদ্‌যাপনে ব্যাঘাত, বাতিল বহু শোভাযাত্রা ও অনুষ্ঠান

যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহে স্বাধীনতা দিবসের উদ্‌যাপনে ব্যাঘাত, বাতিল বহু শোভাযাত্রা ও অনুষ্ঠান

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের মধ্য ও পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ তাপপ্রবাহের কারণে এবারের স্বাধীনতা দিবস (৪ জুলাই) উদ্‌যাপনে বড় ধরনের প্রভাব পড়েছে। অতিরিক্ত তাপমাত্রা ও জননিরাপত্তার ঝুঁকির কারণে রাজধানী ওয়াশিংটন ডিসিসহ বিভিন্ন অঙ্গরাজ্যে একাধিক শোভাযাত্রা, কনসার্ট, মেলা এবং আতশবাজির অনুষ্ঠান বাতিল বা সময় পরিবর্তন করা হয়েছে।

সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ওয়াশিংটনের ন্যাশনাল মলে আয়োজিত ‘গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’-এ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনের অংশ হিসেবে আয়োজন করা এই মেলায় দেশটির ৫০টি অঙ্গরাজ্যের সংস্কৃতি, ঐতিহ্য ও বৈশিষ্ট্য তুলে ধরা হচ্ছিল। শুক্রবার বিকেলে তাপমাত্রা ১০১ ডিগ্রি ফারেনহাইট (প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস) ছাড়িয়ে গেলে দর্শনার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে মেলাটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।

একই দিন রাতে ন্যাশনাল পার্ক সার্ভিস ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য স্বাধীনতা দিবসের ঐতিহ্যবাহী শোভাযাত্রাও বাতিলের ঘোষণা দেয়। স্থানীয় সময় শনিবার সকাল সাড়ে ১০টায় শুরু হওয়ার কথা থাকলেও চরম গরম ও নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে অনুষ্ঠানটি স্থগিত করা হয়।

আবহাওয়াবিদদের মতে, চলতি সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রের মিডওয়েস্ট অঞ্চল থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহ ধীরে ধীরে পূর্বাঞ্চলে ছড়িয়ে পড়ে। এর মূল কারণ ‘হিট ডোম’, অর্থাৎ শক্তিশালী উচ্চচাপবলয়ের প্রভাবে একটি বিশাল উষ্ণ বায়ুর স্তর দীর্ঘ সময় ধরে একই অঞ্চলের ওপর আটকে থাকে। ফলে তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায় এবং বাতাসে আর্দ্রতার মাত্রাও বৃদ্ধি পায়, যা মানুষের শরীরে তাপের প্রভাব আরও তীব্র করে তোলে।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, শুক্রবার দেশটির প্রায় ১৮ কোটি ৫০ লাখ মানুষ, যা মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি, তাপপ্রবাহ–সংক্রান্ত সতর্কতার আওতায় ছিলেন। কয়েকটি অঞ্চলে হিট ইনডেক্স বা অনুভূত তাপমাত্রা ১১৫ ডিগ্রি ফারেনহাইট (প্রায় ৪৬ ডিগ্রি সেলসিয়াস) পর্যন্ত পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি একাধিক শহরে নতুন সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড গড়ার আশঙ্কাও রয়েছে।

তীব্র গরমের কারণে বিদ্যুৎ সরবরাহব্যবস্থার ওপরও ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের বৃহত্তম বিদ্যুৎ গ্রিড অপারেটর পিজেএম ইন্টারকানেকশন জরুরি বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচিতে নিবন্ধিত গ্রাহকদের বিদ্যুতের ব্যবহার কমানোর আহ্বান জানিয়েছে। বিদ্যুৎ উৎপাদন ইউনিটে ত্রুটি, অতিরিক্ত লোডে সঞ্চালন লাইনের ক্ষতির আশঙ্কা এবং শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্রের ব্যাপক ব্যবহার বৃদ্ধির কারণে এই পদক্ষেপ নেওয়া হয়। প্রতিষ্ঠানটি মধ্য আটলান্টিক ও দক্ষিণাঞ্চলের কয়েকটি অঙ্গরাজ্য এবং ওয়াশিংটন ডিসিসহ প্রায় ৬ কোটি ৭০ লাখ মানুষের বিদ্যুৎ সরবরাহ পরিচালনা করে।

নিউইয়র্কে বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান কন এডিসন জানিয়েছে, শুক্রবার বিকেল পর্যন্ত প্রায় ১৭ হাজার গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় ছিলেন। চাহিদা বেড়ে যাওয়ায় প্রতিষ্ঠানটি নিউইয়র্ক সিটি ও ওয়েস্টচেস্টার কাউন্টির বাসিন্দাদের অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার কমানোর অনুরোধ জানিয়েছে।

গরমের তীব্রতা এমন পর্যায়ে পৌঁছেছে যে নিউইয়র্কের ম্যানহাটনের কিছু সড়কে হাঁটার সময় অনেকের জুতার তলা নরম হয়ে রাস্তার গরম পিচে আটকে যাওয়ার ঘটনাও ঘটেছে।

ফিলাডেলফিয়ায়ও প্রচণ্ড তাপপ্রবাহের কারণে শহরের অন্যতম প্রধান আকর্ষণ ‘স্যালুট টু ইন্ডিপেনডেন্স প্যারেড’ বাতিল করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার সেখানে তাপমাত্রা ১০৩ ডিগ্রি ফারেনহাইটে পৌঁছায়, যা ১৯০১ সালের পর শহরটির সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ডের সমান।

পূর্ব উপকূলের অন্যান্য এলাকাও এই তাপপ্রবাহের প্রভাব থেকে রেহাই পায়নি। নিউ জার্সির হ্যাডন টাউনশিপ তাদের বার্ষিক স্বাধীনতা দিবসের শোভাযাত্রা বাতিল করেছে। নিউইয়র্ক অঙ্গরাজ্যের ওয়াটারটাউন শহরে কনসার্ট ও আতশবাজির প্রদর্শনী স্থগিত করা হয়েছে। অন্যদিকে বোস্টনের নদীতীরের ঐতিহ্যবাহী আতশবাজি উৎসবের প্রবেশ সময় দুপুর ১২টার পরিবর্তে চার ঘণ্টা পিছিয়ে বিকেল ৪টা নির্ধারণ করা হয়েছে।

এদিকে নিউইয়র্ক সিটিতে তীব্র গরমের মধ্যেও ভক্তদের উৎসাহে ভাটা পড়েনি। ম্যাডিসন স্কয়ার গার্ডেনে পপ তারকা টেইলর সুইফট ও ফুটবল তারকা ট্রাভিস কেলসির বিয়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হওয়ার খবর ছড়িয়ে পড়লে অসংখ্য ভক্ত প্রচণ্ড গরম উপেক্ষা করে ভেন্যুর বাইরে জড়ো হন। তাঁদের লক্ষ্য ছিল অনুষ্ঠানে আগত তারকা অতিথিদের একঝলক দেখা।

আবহাওয়াবিদ ও সরকারি কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, চলমান তাপপ্রবাহ প্রাণঘাতী হয়ে উঠতে পারে। স্বাধীনতা দিবসের দীর্ঘ ছুটিতে বাইরে অবস্থানকারী নাগরিকদের পর্যাপ্ত পানি পান, ছায়াযুক্ত স্থানে অবস্থান, অপ্রয়োজনীয় শারীরিক পরিশ্রম এড়িয়ে চলা এবং হিটস্ট্রোক বা গরমজনিত অসুস্থতার লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রতি বছর ৪ জুলাই যুক্তরাষ্ট্রজুড়ে বারবিকিউ, শোভাযাত্রা, কনসার্ট ও বর্ণাঢ্য আতশবাজির মাধ্যমে ১৭৭৬ সালে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতার ঘোষণাকে স্মরণ করা হয়। তবে এবারের অস্বাভাবিক তাপপ্রবাহের কারণে দেশটির পূর্ব উপকূলজুড়ে স্বাধীনতা দিবসের বহু আয়োজন বাতিল, স্থগিত বা সময় পরিবর্তন করতে বাধ্য হয়েছেন আয়োজকেরা।

x

Check Also

জুলাইতে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমল, নতুন মূল্য ১,৫২৮ টাকা

অর্থনৈতিক প্রতিবেদক বেসরকারি খাতে সরবরাহ করা তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম উল্লেখযোগ্যভাবে কমিয়েছে বাংলাদেশ এনার্জি ...