বিশেষ প্রতিবেদন
পবিত্র ঈদুল ফিতরের টানা সাত দিনের সরকারি ছুটি শুরু হওয়ায় মঙ্গলবার রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের জন্য যানবাহনের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে।
সরেজমিনে দেখা যায়, সকাল ১০টায় আসাদ গেটের সোনার বাংলা সার্ভিস স্টেশন-এ তেলের জন্য গাড়ি, মিনি বাস, পিকআপ ও মোটরসাইকেলের সারি প্রায় এক কিলোমিটার ছাড়িয়েছে। তবে অন্যান্য দিনের তুলনায় মোটরসাইকেলের সারি তুলনামূলকভাবে ছোট ছিল।
স্টেশনে তেল নেওয়ার জন্য অপেক্ষায় ছিলেন প্রাইভেট কার চালক মো. জসিম। তিনি জানান, “অন্য দিনের তুলনায় আজ অপেক্ষার সময় কম।” সকাল সাড়ে ১০টার দিকে দেখা গেছে, স্টেশনে তেলের সরবরাহ চাহিদা অনুযায়ী চলছে।
অন্যদিকে, তালুকদার ফিলিং স্টেশন-এ সকাল থেকে তেল দেওয়া হলেও ১০টার কিছু আগে তেল সরবরাহ বন্ধ হয়ে যায়। ক্যাশিয়ার মো. আজম বলেন, “তেল শেষ হয়ে গেছে। পুনরায় সরবরাহ বেলা ২টার পর শুরু হবে।”
রাজধানীর বিজয় সরণির ট্রাস্ট ফিলিং স্টেশন-এও প্রাইভেট কার ও মোটরসাইকেলের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। মোটরসাইকেলের সারি প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত, আর প্রাইভেট কারের সারি জাহাঙ্গীর গেট পর্যন্ত বিস্তৃত ছিল।
রাসেল আহমেদ নামের একজন রাইড শেয়ারিং চালক বলেন, “এবার ঈদের ছুটিতে গ্রামের বাড়ি পাবনায় যাওয়ার জন্য ট্যাঙ্ক ভর্তি করতে দীর্ঘ সময় অপেক্ষা করছি। অন্যান্য দিনের তুলনায় আজ অপেক্ষার সময় কম।”
রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড়েও ফিলিং স্টেশনের সামনের সারি দীর্ঘ ছিল, যা ছুটির দিনে তেলের চাহিদার প্রমাণ হিসেবে ধরা হচ্ছে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক
