এমএনএ প্রতিবেদক
পিলখানা হত্যাকাণ্ডের স্মরণে বুধবার রাষ্ট্রীয় মর্যাদায় জাতীয় শহিদ সেনা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মোহাম্মদ সাহাবুদ্দিন, তারেক রহমান, সালাউদ্দিন আহমেদ, তিন বাহিনীর প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক এবং শহিদ পরিবারের সদস্যরা রাজধানীর বনানী সামরিক কবরস্থানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়া দিবসটি উপলক্ষে বিকেলে সেনানিবাসে ইফতার মাহফিল, দোয়া এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার নিশ্চিত করা হবে। শহিদ পরিবার ও জাতির উদ্দেশে তিনি আশ্বাস দেন, এ নৃশংস হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করে এমন দৃষ্টান্ত স্থাপন করা হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।
মন্ত্রী বলেন, এই হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীকে দুর্বল করার একটি অপচেষ্টা ছিল। যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না, তারাই এমন ঘৃণ্য কাজ করতে পারে। তিনি আরও বলেন, পিলখানা হত্যাকাণ্ড শুধু বাংলাদেশের ইতিহাসেই নয়, বিশ্ব ইতিহাসেও নৃশংসতম হত্যাকাণ্ডগুলোর একটি হিসেবে বিবেচিত।
হত্যাকাণ্ডের পেছনের প্রকৃত উদ্দেশ্য উদঘাটনে তৎকালীন সরকার একটি তদন্ত কমিটি গঠন করলেও তার পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশিত হয়নি বলে উল্লেখ করেন তিনি। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার একটি জাতীয় স্বাধীন তদন্ত কমিশন গঠন করে এবং তাদের প্রতিবেদন জমা পড়ে। তবে সেই প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নতুন করে আর কোনো তদন্ত কমিশন গঠন করা হবে না। পূর্বে গঠিত কমিশনের প্রতিবেদনে উল্লিখিত সুপারিশসমূহ এবং বিচারাধীন মামলাগুলোর বিচারিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে। পাশাপাশি অন্যান্য সুপারিশ ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যারা জীবন উৎসর্গ করেছেন, তারা চিরস্মরণীয় ও চিরভাস্বর হয়ে থাকবেন।
প্রেস ব্রিফিংয়ে তিন বাহিনীর প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

