শেখ হাসিনা সফটওয়ার পার্কের যাত্রা শুরু
Posted by: News Desk
December 10, 2017
এমএনএ রিপোর্ট : যশোরে সদ্য নির্মিত ‘শেখ হাসিনা সফটওয়ার প্রযুক্তি’ পার্কের যাত্রা শুরু হয়েছে। আজ রবিবার দুপুর ১টা ৬ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সফটওয়ার প্রযুক্তি পার্কটির উদ্বোধন করেন। ৩০৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ পার্কে প্রায় ১২ হাজার তরুণের কর্মসংস্থান সৃষ্টি হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, হাইটেক পার্কগুলো রপ্তানিতে সবচেয়ে বড় অবদান রাখতে পারবে। যশোরের মতো স্থানে এমন একটি আধুনিক সুযোগ সম্বলিত একটি পার্ক মানুষের আকৃষ্ট করবে।
অনুষ্ঠানে উপস্থিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, সিলিকন ভ্যালির আদলে তৈরি এই ‘শেখ হাসিনা সফটওয়্যার পার্ক’। এটি আমাদের দেশে এক খণ্ড সিলিকন ভ্যালি। প্রধানমন্ত্রী মানা করেছিলেন তার নামে যশোরের হাইটেক পার্ক এর নাম করণ না করতে। কিন্তু সরকারের অর্থায়ণে এটি প্রথম হাইটেক পার্ক। এই বিষয়টি স্মরণীয় করে রাখতে প্রধানমন্ত্রীর নামে এই হাইটেক পার্কের নামকরণ করা হয়।
শেখ হাসিনা সফটওয়্যার পার্ক প্রকল্প পরিচালক যুগ্ম সচিব জাহাঙ্গীর আলম সূত্রে জানা যায়, এই পার্কের মুল ভবনে প্রায় ৫৫টি কোম্পানিকে বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে জাপানের দুটি রয়েছে। এর মধ্যে চারটি প্রতিষ্ঠান তাদের কার্যক্রম শুরু করেছে। এর মধ্যে রয়েছে অন এয়ার ইন্টারন্যাশনাল, চাকলাদার করপোরেশন, সাজ টেলিকম ও অংসু। তবে শুধুমাত্র ৫৫টি প্রতিষ্ঠান নয়, আরও ২০টি প্রতিষ্ঠানকে স্থান বরাদ্দ দেয়ার বিষয়ে ভাবছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
তিনি বলেন, কোম্পানি চালু করতে বিনামুল্যে তরুণদের বরাদ্দ দেওয়া হয়েছে।
জাহাঙ্গীর আলম জানান, খুলনা বিভাগের দশটি জেলাকে টার্গেট করে যশোরে এই সফটওয়ার প্রযুক্তি পার্কটি স্থাপন করা হয়েছে। এখানে দেশি ও বিদেশি আইটি শিল্প প্রতিষ্ঠান এই পার্কে বিনিয়োগ করতে পারবে। এতে সফটওয়ার উন্নয়ন, ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং, কলসেন্টার, গবেষণা এবং উন্নয়ন কাজ করা যাবে।
এর আগে ৫ অক্টোবর যশোরের এই হাইটেক পার্কে দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত হয়। মেলায় অংশ নিয়েছিল ৩০টিরও বেশি প্রযুক্তিগত প্রতিষ্ঠান।
প্রকল্পের সার্ভে ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন জানান, প্রধানমন্ত্রী এর আগে ২০১০ সালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উদ্বোধনের সময় যশোরে আন্তর্জাতিক মানের একটি আইটি পার্ক স্থাপনের ঘোষণা দিয়েছিলেন। তার ঘোষণার আলোকে ২০১৩ সালের ফেব্রুয়ারি শহরের শংকরপুর এলাকায় বেজপাড়ায় ২৮৩ কোটি টাকা ব্যয়ে ‘শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক’ আইটি পার্কের নির্মাণ কাজ শুরু হয়। চলতি মাসে প্রকল্পের মেয়াদ শেষ হয়। ধারণা করা হচ্ছে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে ১২ হাজার লোকের কর্মসংস্থান হবে।
এই হাইটেক পার্কে আধুনিক সকল সুযোগ-সুবিধাসহ রয়েছে ১৫ তলা বিশিষ্ট মাল্টি-টেন্যান্ট বিল্ডিং (এমটিবি), আন্তর্জাতিক ফাইভ-স্টার মানের আবাসন ও জিমনেসিয়ামের সুবিধাসহ ১২ তলা বিশিষ্ট ডরমেটরি বিল্ডিং, একটি ক্যান্টিন, এ্যাম্ফিথিয়েটার, রাষ্ট্র পরিচালিত আর্ট কনভেনশন সেন্টার এবং আন্ডারগ্রাউন্ড পার্কসহ সব প্রকার আধুনিক সুবিধাসম্বলিত প্রায় ২ দশমিক ৩২ লাখ বর্গফুট স্পেস রয়েছে।
৩৩ কেভিএ পাওয়ার সাব-স্টেশন, ফাইবার অপটিক ইন্টারনেট লাইন এবং অন্যান্য ইউটিলিটি সার্ভিসের সুবিধা থাকছে এতে।
উল্লেখ্য, রূপকল্প-২০২১ এবং জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) নির্ধারিত সময়ের পূর্বে অর্জনের লক্ষ্যে দেশের সকল বিভাগ, জেলায় হাই-টেক বা আইটি পার্ক স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়। এ পর্যন্ত ২৮টি হাই-টেক/আইটি পার্ক স্থাপনের কার্যক্রম হাতে নিয়েছে সরকার।
শুরু শেখ হাসিনা যাত্রা সফটওয়ার পার্কের 2017-12-10