Don't Miss
Home / রাজনীতি / শেখ হাসিনাকে দেশে ফেরত মামলার বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি করতে চায় সরকার: সালাহউদ্দিন

শেখ হাসিনাকে দেশে ফেরত মামলার বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি করতে চায় সরকার: সালাহউদ্দিন

এমএনএ প্রতিবেদক

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনগত প্রক্রিয়ায় দেশে ফেরত এনে তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি করতে চায় সরকার বলে জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে রামিসা হত্যাকাণ্ডসহ সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, সরকার চায় শেখ হাসিনা দেশে ফিরে আদালতে মামলা মোকাবিলা করুন।

শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচারের বিষয়ে কোনো বিধিনিষেধ আছে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের কোনো নিষেধাজ্ঞা তার জানা নেই। তবে আদালতের পক্ষ থেকে কোনো নির্দেশনা থাকলে গণমাধ্যমকে তা অনুসরণ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

ভারতের পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ‘পুশইন’ করার সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, এটি ভারতের অভ্যন্তরীণ বিষয় এবং তাদের নিজস্ব আইন ও নীতির অংশ। তবে বাংলাদেশের সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন রয়েছে এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থান বজায় রাখা হয়েছে।

পুলিশের কার্যক্রম নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী শুধু ঘটনার পর তদন্ত নয়, অপরাধ সংঘটনের আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে কাজ করছে। মাদক উদ্ধার, চোরাচালান প্রতিরোধ ও অপরাধী গ্রেফতার তারই অংশ।

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা হত্যাকাণ্ড প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং দ্রুত চার্জশিট দিয়ে বিচারের আওতায় আনতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, রামিসা হত্যা, আছিয়া ও তনু হত্যাকাণ্ড, বগুড়ায় তরুণী ধর্ষণ এবং গাজীপুরের আলোচিত পাঁচ হত্যাকাণ্ডসহ সাম্প্রতিক গুরুত্বপূর্ণ অপরাধের তালিকা তৈরি করে দ্রুত বিচার নিশ্চিত করতে সরকার উদ্যোগ নিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকার গুরুত্বের সঙ্গে কাজ করছে এবং পুলিশ বাহিনীর সংস্কারেও পদক্ষেপ নেওয়া হবে। সরকার দায়িত্ব নেওয়ার পর অল্প সময় পেয়েছে উল্লেখ করে তিনি এ ক্ষেত্রে আরও কিছু সময় দেওয়ার আহ্বান জানান।

x

Check Also

১০ মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি লাখ কোটি টাকা ছাড়াল, লক্ষ্য পূরণ নিয়ে শঙ্কা

বিশেষ প্রতিবেদক চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) বড় ধরনের রাজস্ব ঘাটতির মুখে পড়েছে ...