Don't Miss
Home / অর্থনীতি / সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামো ১ জুলাই থেকে, প্রথম ধাপে ৫০ শতাংশ বেতন বৃদ্ধি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামো ১ জুলাই থেকে, প্রথম ধাপে ৫০ শতাংশ বেতন বৃদ্ধি

অর্থনৈতিক প্রতিবেদক

আগামী ১ জুলাই থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামো বাস্তবায়ন শুরু হচ্ছে। প্রথম ধাপে বিদ্যমান মূল বেতনের সঙ্গে নবম পে কমিশনের সুপারিশ অনুযায়ী বাড়তি অংশের ৫০ শতাংশ যোগ করা হবে। এ জন্য আগামী অর্থবছরের বাজেটে অতিরিক্ত ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দের প্রয়োজন হতে পারে।

বর্তমানে দেশে প্রায় ১৪ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী কর্মরত আছেন। পাশাপাশি প্রায় ৯ লাখ অবসরপ্রাপ্ত ব্যক্তি সরকারি পেনশন সুবিধা পাচ্ছেন। মূল বেতনের পাশাপাশি সরকারি কর্মীরা বাড়িভাড়া, চিকিৎসা, যাতায়াত ভাতা, উৎসব বোনাস ও বৈশাখী ভাতাসহ বিভিন্ন সুবিধা পেয়ে থাকেন। ফলে বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভাতা বাবদ ব্যয়ও উল্লেখযোগ্য হারে বাড়বে।

অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত দেড় দশকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন–ভাতায় বরাদ্দ প্রায় চার গুণ বেড়েছে। ২০১১-১২ অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ২২ হাজার ৩৯৫ কোটি টাকা। পরে তা ধারাবাহিকভাবে বাড়তে বাড়তে ২০১৬-১৭ অর্থবছরে ৫০ হাজার কোটি টাকা অতিক্রম করে। ২০২২-২৩ অর্থবছরে এই ব্যয় ৭৫ হাজার কোটি টাকা ছাড়ায়। চলতি অর্থবছরে বেতন–ভাতার জন্য বরাদ্দ রয়েছে ৮৪ হাজার ১১৪ কোটি টাকা। নতুন বেতনকাঠামো চালু হলে আগামী অর্থবছরে এই ব্যয় এক লাখ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অর্থনীতিবিদদের মতে, সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি সরকারের জন্য একদিকে প্রয়োজনীয়, অন্যদিকে এটি বড় ধরনের আর্থিক চাপও তৈরি করে। বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, বেতন বাড়ানো হলে সেই ব্যয় স্থায়ীভাবে সরকারের ওপর থেকে যায়। তাই শুধু এক বছরের বাজেট নয়, ভবিষ্যৎ অর্থবছরগুলোর আর্থিক সক্ষমতার বিষয়ও বিবেচনায় নিতে হয়।

সরকারি ব্যয়ের মধ্যে উন্নয়ন ব্যয়ের পাশাপাশি পরিচালন ব্যয় বড় অংশ জুড়ে থাকে। দেশি-বিদেশি ঋণের সুদ পরিশোধের পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন–ভাতাই এখন সরকারের অন্যতম বড় ব্যয়খাত হিসেবে বিবেচিত হচ্ছে।

নতুন বেতনকাঠামো বাস্তবায়নে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি–এর নেতৃত্বাধীন কমিটির সুপারিশ বিবেচনা করছে সরকার। সুপারিশ অনুযায়ী, তিন অর্থবছরে ধাপে ধাপে নতুন কাঠামো বাস্তবায়ন করা হবে। প্রথম দুই অর্থবছরে মূল বেতনের বাড়তি অংশের ৫০ শতাংশ করে দেওয়া হবে এবং তৃতীয় বছরে ভাতার সমন্বয় করা হবে।

সরকারি সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান এ প্রস্তাবে নীতিগত সম্মতি দিয়েছেন। বাজেট প্রস্তুতি সংক্রান্ত সাম্প্রতিক বৈঠকগুলোতে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং এ নিয়ে চূড়ান্ত সুপারিশ প্রস্তুতের কাজ চলছে।

উল্লেখ্য, অষ্টম বেতন কমিশনের প্রায় এক যুগ পর অধ্যাপক মুহাম্মদ ইউনূস–এর নেতৃত্বাধীন সাবেক অন্তর্বর্তী সরকারের সময়ে নতুন বেতন কমিশন গঠন করা হয়। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান–এর নেতৃত্বাধীন কমিশন বিভিন্ন গ্রেডে ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশ করেছিল।

x

Check Also

সাংবাদিকদের রাজনৈতিক পরিচয় ও ব্যক্তিগত তথ্য চেয়ে পুলিশের তৎপরতা নিয়ে উদ্বেগ, ক্ষোভ

বিশেষ প্রতিবেদক পুলিশের সিটি স্পেশাল ব্রাঞ্চ (সিটিএসবি) থেকে পাঠানো একটি চিঠির ভিত্তিতে তালিকাভুক্ত সাংবাদিকদের কাছে ...