Don't Miss
Home / আজকের সংবাদ / সাংবাদিকদের ওয়েজবোর্ড আননেসেসারি : মুহিত

সাংবাদিকদের ওয়েজবোর্ড আননেসেসারি : মুহিত

এমএনএ রিপোর্ট : সাংবাদিকদের ওয়েজবোর্ড আননেসেসারি, টোটালি আননেসেসারি বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, সাংবাদিকদের ওয়েজ বোর্ড অপ্রয়োজনীয়, পুরোপুরি অপ্রয়োজনীয়। কারণ বর্তমানে আপনাদের বেতন কাঠামো সরকারি বেতন কাঠামোর চেয়ে বেশি।

নতুন বেতন কাঠামোর দাবিতে সংবাদকর্মীদের আন্দোলনের মধ্যে আজ মঙ্গলবার সচিবালয়ে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এই মন্তব্য করেন তিনি।

মুহিত সাংবাদিকদের বলেন, সাংবাদিকদের ওয়েজবোর্ড আননেসেসারি, টোটালি আননেসেসারি। বিকজ ইয়োরস স্যালারি স্কেলস আর বেটার দ্যান গভর্নমেন্ট স্যালারি স্কেলস।

তিনি বলেন, আজকের বৈঠকে বুঝেছি সরকারি চাকরিজীবীদের তুলনায় সাংবাদিকদের ওয়েজ বোর্ডের বেতন বেশি। সুতরাং, ওয়েজবোর্ড রাখাটা আননেসেসারি।

তিনি আরও বলেন, ঢাকায় ৫০০ পত্রিকা রয়েছে, অল বোগাস। ওদের জন্য বেতন স্কেল ঠিক করব? নো, নট অ্যাটঅল। আমরা সর্বোচ্চ ১৫ থেকে ২০টি পত্রিকার সুযোগ-সুবিধা বা অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি।

নতুন বেতন কাঠামোর দাবিতে সংবাদকর্মীদের আন্দোলন চলছে বেশ কিছুদিন ধরেই। সাংবাদিকদের সর্বশেষ বেতন কাঠামো হয়েছিল ২০১২ সালে। এরপর সরকারি চাকুরিজীবীদের বেতন বাড়ার পর সংবাদকর্মীদের আন্দোলনের মুখে নবম ওয়েজ বোর্ড গঠনের উদ্যোগ নিয়েছে তথ্য মন্ত্রণালয়।

বৈঠকের পর মন্ত্রণালয়ের বারান্দায় মন্ত্রী যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন, তখন ওই বারান্দার অন্য পাশ দিয়ে নোয়াব সভাপতি মতিউর রহমান, সমকালের মালিক এ কে আজাদসহ অন্যদের বেরিয়ে যেতে দেখা যায়। তারা সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।

বৈঠকে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তথ্যসচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান, নোয়াবের সভাপতি ও দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, সহ-সভাপতি ও দৈনিক সমকালের প্রকাশক এ কে আজাদ এবং তথ্য মন্ত্রণালয় ও তথ্য অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

x

Check Also

ইরান সংকট, হরমুজ প্রণালি ও সম্ভাব্য সমঝোতা নিয়ে আলোচনার মধ্যেই জি-৭ সম্মেলনে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার (১৫ জুন) সুইজারল্যান্ডের জেনেভায় পৌঁছেছেন। সেখান থেকে তিনি ...