সিঙ্গাপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে অর্কিড
Posted by: News Desk
March 13, 2018
এমএনএ রিপোর্ট : সিঙ্গাপুরের বিখ্যাত বোটানিক্যাল গার্ডেনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটি অর্কিডের নামকরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টা ৩৫ মিনিটে বিশ্ব ঐতিহ্যের অংশ ওই বোটানিকাল গার্ডেনের অর্কিড বাগানে বঙ্গবন্ধু কন্যা নিজেই Dendrobium Sheikh Hasina এর উদ্বোধন করেন। এ সময় প্রধানমন্ত্রী বোটানিক্যাল গার্ডেনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।
Dendrobium Sunplaza Park এবং Dendrobium Seletar Chocolat জাতের সংকর ঘটিয়ে নতুন এই প্রজাতির উদ্ভাবন করেছেন সিঙ্গাপুরের ন্যাশনাল অর্কিড গার্ডেন নার্সারির ব্যবস্থাপক ডেভিড লিম।
এই অর্কিডের গাছটি ২৫ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। প্রতিটি গাছে ১৫টি মঞ্জুরি হয়। প্যাঁচানো প্রতিটি ফুলের গোড়া হয় মেহগনি রঙের। আর ফুলের মাঝখানে হালকা বাদামী এবং প্রান্ত হয় ধবধবে সাদা।
ডেভিড লিম জানান, আড়াই বছর আগে নতুন এই জাতের অর্কিডের বীজ তৈরি করা হয়। সিঙ্গাপুরের জাতীয় ফুল অর্কিডের যে প্রজাতির নাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ‘ডেনড্রোবিয়াম শেখ হাসিনা’ নামকরণ করা হয়েছে, বোটানিক বাগানের কর্মকর্তারা ‘সানপ্লাজা পার্ক’ ও ‘সেলেটার চকোলেট’ প্রজাতির শংকরায়নের মাধ্যমে সেটি উদ্ভাবন করেছেন।
সিঙ্গাপুর বোটানিকাল গার্ডেনস গ্রুপ ডিরেক্টর নাইজেল টেইলর সি হর্ট অনুষ্ঠানে বাংলাদেশের সরকারপ্রধানের হাতে একটি সদন তুলে দেন
শেখ হাসিনার বোনের ছেলে রাদওয়ান সিদ্দিক ববি, ববির স্ত্রী পেপ্পি সিদ্দিক এবং তাদের দুই সন্তান উপস্থিত ছিলেন এ সময়।
দুই নাতি ও নাতনিকে সঙ্গে নিয়ে ‘Dendrobium Sheikh Hasina’ নামফলক বসিয়ে ওই অর্কিডের উদ্বোধন করেন শেখ হাসিনা। পরে তিনি অর্কিড বাগান ঘুরে দেখেন।
উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, “আমি মনে করি এটা বাংলাদেশের জন্য বিশাল সম্মানের। এটা আমি বাংলাদেশের জনগণকে উৎসর্গ করছি। এখানে আসতে পেরে আমি সত্যিই আনন্দিত।”
ডেভিড লিম জানান, সিঙ্গাপুরের রীতি অনুসারে ১৯৫৭ সাল থেকে এ পর্যন্ত বিভিন্ন দেশের প্রায় আড়াইশ রাষ্ট্র ও সরকার প্রধানের নামে স্থানীয় অর্কিডের নামকরণ করা হয়েছে। তাদের সফরকে স্মরণীয় করে রাখতেই এটা করা হয়। ‘ডেনড্রোবিয়াম শেখ হাসিনা’ অর্কিডটি এখন থেকে গার্ডেনের ভিআইপি গ্যালারির শোকেসে শোভা পাবে।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওমাবাসহ চীনের প্রেসিডেন্ট এবং জাপানের সম্রাটের নামেও অর্কিডের নামকরণ করা হয়েছে সিঙ্গাপুরে।
উল্লেখ্য, গতকাল সোমবার রাতে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, নেপালের ত্রিভুবন বিমানবন্দরে বাংলাদেশি বিমানের দুর্ঘটনার পর সিঙ্গাপুর সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা একদিন আগেই দেশে ফিরে আসছেন। বিমান দুর্ঘটনার কারণে সফর সংক্ষিপ্ত করেছেন তিনি। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরের পর দেশের উদ্দেশে সিঙ্গাপুর সিটি ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।
দুর্ঘটনার খবর পাওয়ামাত্রই প্রধানমন্ত্রী নেপালের প্রধানমন্ত্রী খাদগা প্রসাদ শর্মা অলির সঙ্গে টেলিফোনে কথা বলেন।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ত্রিভুবন বিমানবন্দর খোলার সঙ্গে সঙ্গে তিনি সাহায্যকারী দল নেপালে পাঠাবেন। তিনি আরও বলেন, প্রয়োজনীয় যত রকমের সাহায্য দরকার, বাংলাদেশ তার সবটুকুই করবে। নেপালের প্রধানমন্ত্রী হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। খাদগা প্রসাদ শর্মা অলি জানান, দুর্ঘটনা ঘটার পর তিনি ঘটনাস্থলে ছুটে যান এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন।
সিঙ্গাপুরে শেখ হাসিনার নামে ‘অর্কিড’ প্রধানমন্ত্রী 2018-03-13