সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
Posted by: News Desk
March 11, 2018
এমএনএ রিপোর্ট : চারদিনের সরকারি সফরে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির প্রধানমন্ত্রী লি সিয়েন লুংয়ের আমন্ত্রণে তিনি সেখানে যাচ্ছেন।
আজ রবিবার সকাল ৮টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রীকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে।
প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম, জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, পুলিশ মহাপরিদর্শক, কূটনৈতিক কোরের ডিন এবং ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা বিদায় জানান।
প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইটটি সিঙ্গাপুরের স্থানীয় সময় পৌনে ৩টায় চাঙ্গি বিমানবন্দরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। চাঙ্গি বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীর একটি মোটর শোভাযাত্রায় সাংগ্রি-লা হোটেলে নিয়ে যাওয়া হবে। সফরকালে তিনি সেখানেই অবস্থান করবেন।
আগামীকাল সোমবার সিঙ্গাপুর সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানানো হবে। অভ্যর্থনার পর তিনি সিঙ্গাপুরের প্রথম নারী প্রেসিডেন্ট হালিমা ইয়াকুবের সঙ্গে ইস্তানায় সৌজন্য সাক্ষাৎ করবেন।
আগামীকাল সোমবার সকালে শেখ হাসিনা সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুংয়ের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। এ বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে। পরে তিনি সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর দেওয়া এক মধ্যাহ্নভোজে অংশ নেবেন।
-

-
আজ রবিবার সকালে সিঙ্গাপুরের উদ্দেশ্য রওনা হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগামী মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী সিঙ্গাপুরের বিশ্ব ঐতিহ্য স্থান বোটানিক্যাল গার্ডেনে যাবেন। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে একটি অর্কিডের (শেখ হাসিনা অর্কিড) নামকরণ করা হবে।
সিঙ্গাপুরে প্রধানমন্ত্রীর সফরকালে বিভিন্ন ক্ষেত্রে দু’দেশের সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে।
এর মধ্যে রয়েছে- বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) ও সিঙ্গাপুরের বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল এন্টারপ্রাইজের (আইই) মধ্যে বিনিয়োগ সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক, পাবলিক-প্রাইভেট অংশীদারিত্ব বিষয়ক সমঝোতা স্মারক, এয়ার সার্ভিস ম্যানেজমেন্ট সংক্রান্ত কনফিডেন্সিয়াল সমঝোতা স্মারক, ডিজিটাল লিডারশিপ, ডিজিটাল ইনোভেশন ও ডিজিটাল প্রশাসন রূপান্তর সংক্রান্ত সমঝোতা স্মারক, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) ও মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এমসিসিআই) সঙ্গে সিঙ্গাপুরের ব্যবসায়িক সংগঠন সিঙ্গাপুর ম্যান্যুফ্যাকচারিং ফেডারেশনের মধ্যে পৃথক দু’টি চুক্তি সমঝোতা স্মারক।
সফরকালে প্রধানমন্ত্রী বাংলাদেশ-সিঙ্গাপুর বিজনেস ফোরাম-২০১৮ ও বাংলাদেশ সিঙ্গাপুর বিজনেস রাউন্ডটেবল শীর্ষক দু’টি পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। আগামী বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কথা রয়েছে।
সিঙ্গাপুরের এ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা রয়েছেন।
ঢাকা প্রধানমন্ত্রী উদ্দেশে সিঙ্গাপুরের ছাড়লেন 2018-03-11